প্রস্তাব আসছে এনক্রিপশন বিরোধী আইনের
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটি দেশটির পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি খসড়া বিল উন্মোচন করেছে। ওই বিল অনুযায়ী অ্যাপল, গুগল এবং মাইক্রোসফট-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর তাদের পণ্য ডিজাইনে বাঁধাধরা নীতি চালু করা হবে।
বুধবার জনসম্মুখে 'কমপ্লায়েন্স উইথ কোর্ট অর্ডারস অ্যাক্ট' নামে এই খসড়া বিল উন্মোচিত হয়। সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান দুজন রাজনীতিবিদ : রিপাবলিকান রিচার্ড বার এবং ডেমোক্রেট ডায়ান ফেইনস্টাইন প্রণীত এই বিলে স্মার্টফোন, কম্পিউটার এবং সফটওয়্যারে 'ব্যাক ডোর' সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করার প্রস্তাব রাখা হয়। এই বিল পাশ হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রে গোপনীয়তা সমর্থক আইনগুলোকে রাতারাতি পরিবর্তন করে দেবে বলে জানিয়েছে সিএনএন।
হ্যাকারদের হাত থেকে ডিভাইস ও অ্যাপ নিরাপদ রাখতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আধুনিক নিরাপত্তা ফিচার চালু করেছে। এতে ব্যক্তিগত তথ্যাবলী অবোধ্য সংখ্যা ও অক্ষরে এনক্রিপ্ট করা থাকে এবং পাসওয়ার্ড ছাড়া কারোরই পক্ষে প্রবেশাধিকার পাওয়া সম্ভব হয় না। কিন্তু বুধবারের বিলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আদালতের আদেশের অধীনে "বোধগম্য ভাষায়" তথ্যাবলী ডিক্রিপ্ট করে দেওয়া এবং বাড়তি 'কী' সংরক্ষণের প্রস্তাবনা রয়েছে।
সিনেট কমিটির চেয়ারম্যান রিচার্ড বার এক বিবৃতিতে বলেন, "ভোক্তাদের তথ্য সংরক্ষণ করবে এমন উপায় খোঁজার অধিকার তাদের আছে। যাই হোক, এসব উপায় আইনের উর্ধ্বে হতে হবে এমনটা আমি বিশ্বাস করি না।"
অপর একটি বিবৃতিতে ফেইনস্টাইন বলেন, "আদালতের আদেশের মুখেও সন্ত্রাসী এবং অপরাধীরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা ব্যর্থ করে দিতে ক্রমেই এনক্রিপশনের দিকে ঝুঁকছে। আমাদের ব্যক্তিগত তথ্যাবলী সংরক্ষণ করতে শক্তিশালী এনক্রিপশন দরকার, কিন্তু আমাদের আবার এটাও জানা দরকার কখন সন্ত্রাসীরা আমেরিকানদের উপর আক্রমণের পরিকল্পনা করছে।"
তবে বাধ্যতামূলকভাবে 'ব্যাক ডোর' সৃষ্টি জনগণকে হ্যাকার, পরিচয় জালিয়াতকারী এবং চীন ও রাশিয়ার গুপ্তচরদের হুমকির মুখে ফেলে দেবে বলে সতর্কবার্তা জানিয়েছেন অন্যান্য রাজনীতিবিদেরা। ডাচ নিরাপত্তা গবেষক মার্টিন গ্রুটেন বলেন, যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবাগুলোর উপর বাইরের পৃথিবীর আস্থা নষ্ট করতে এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।
এই বিল কবে নাগাদ দাপ্তরিকভাবে সিনেটে উপস্থাপন করা হবে বা আইনে পরিণত হতে পারে তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সিনেটররা জানান, তারা "এনক্রিপশনের ভূমিকা প্রসংগে একটি অর্থবহ ও বিস্তারিত বিতর্ক" শুরু করতে আগ্রহী।
অন্যদিকে এই বিলের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞেরা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার নিরাপত্তা পরামর্শক এরিক র্যান্ড মন্তব্য করেন, "এটা নিশ্চিত যে এই বিলের খসড়া তৈরির সময় প্রযুক্তিক্ষেত্রের কারো সাথেই আলোচনা করা হয়নি। এ ব্যাপারটি সম্পূর্ণরূপে অজ্ঞতায় পরিপূর্ণ।"
সফটওয়্যার নির্মাতাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দ্যা অ্যাপলিকেশন ডেভেলপারস অ্যালায়েন্স জানায়, এই বিলে উল্লিখিত পদক্ষেপগুলো "নিরাপত্তা ত্রুটি রেখেই একটি নির্দিষ্ট ডিজাইন বা অপারেটিং সিস্টেম তৈরিতে প্রতিষ্ঠানগুলো এবং নির্মাতাদের বাধ্য করবে।"
এনক্রিপশন নিয়ন্ত্রণে সিনেটরদের 'অযৌক্তিক' অবস্থান প্রসংগে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট গ্রাহাম মন্তব্য করেন, "এটাই প্রমাণ করে সিনেটরেরা যা বুঝতে পারেননা তাকেই ভয় করেন।"
মার্কিন যুক্তরাষ্ট্রে ডিভাইস বা সফটওয়্যার আনলকের ব্যাপারে এখন পর্যন্ত আলাদাভাবে কোনো আইন নেই বলে জানিয়েছে সিএনএন।
