২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে স্থগিত সনির উৎপাদন

সম্প্রতি দক্ষিণ জাপানে সংঘটিত ভূমিকম্পের কারণে দেশটির ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি’র ক্যামেরা-চিপ নির্মাণ কারখানার উৎপাদন স্থগিত হয়ে গেছে। ওই কারখানায় তৈরি চিপ বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ পণ্য বলে জানিয়েছে ব্লুমবার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

সনি জানিয়েছে, কিউশু-এর দক্ষিণে কুমামোতো-তে অবস্থিত কারখানাটি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের শক্তি এবং ক্রমাগত ‘আফটারশক’-এর কারণে পুনরায় কাজ শুরু করতে কতটা সময় লাগতে পারে তা নিয়ে আশঙ্কা বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন মিজুহো সিকিউরিটিজ-এর গবেষক কেনিচি সাইতা।

যদিও তিনি বর্তমান চাহিদা এবং সনির অন্যস্থানে উৎপাদন ব্যবস্থা সরিয়ে ফেলার ক্ষমতা উল্লেখ করে জানান, ভূমিকম্পের কারণে ক্যামেরা-চিপ সরবরাহের উপরে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। সাইতা তার প্রতিবেদনে বলেন, “আসন্ন নতুন স্মার্টফোনগুলোর উপকরণগুলো কুমামোতো-এর কারখানা থেকেই আসবে বলে আমরা আশা করি, তাই পণ্য উৎপাদন এবং পরিবহনের উপর প্রভাবের বিষয়টি নিয়ে চিন্তা করতেই হচ্ছে।”

২০০১ সালে চালু হওয়া কুমামোতো-এর কারখানাটি স্মার্টফোনের ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরার একটি অন্যতম উপাদান সিএমওএস (বা সিমোস) সেন্সর তৈরি করে। অ্যাপলের আইফোনেও এই সেন্সর ব্যবহার করা হয়। উৎপাদনে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে উৎপাদনে বিলম্বের সৃষ্টি হতে পারে এবং উৎপাদনকারীর বিক্রি কমে যাওয়ার আশঙ্কা থাকে।

সনির একজন মুখপাত্র হারুকা কিতাগাওয়া বলেছেন, “আমরা ক্ষতির পরিমাণ এবং আবার শুরু করার সময় নিয়ে চিন্তা করছি।” তিনি আরও বলেন, “ভবনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

টোকিও শেয়ারবাজার শুক্রবার বন্ধ হওয়ার আগে টোকিও-ভিত্তিক সনির শেয়ার ৩.২ শতাংশ কমে ২৩৯৫ এ নেমে যায়।

বৃহস্পতিবার রাতে হওয়া ভূমিকম্পের পরে সনি উৎপাদন স্থগিত করে কারখানাটি খালি করে ফেলে। ভূমিকম্পের ফলে নয় জন মানুষ মারা যায়, কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয় এবং একটি বুলেট ট্রেইন লাইনচ্যুত হয়ে যায় বলে জানা গেছে।