নিরাপত্তায় ‘লাস্ট বয়’ মার্কিন সরকার
সাইবার নিরাপত্তায় পরিবহন, খুচরা ব্যবসা এবং স্বাস্থ্যসেবাসহ বেসরকারী ১৭টি শিল্পের তুলনায় যুক্তরাষ্ট্র ফেডারেল, এবং স্থানীয় সরকার সংস্থাগুলো শেষ স্থানে অবস্থান করছে বলে প্রতিবেদন বেরিয়েছে।
নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান সিকিউরিটিস্কোরকার্ড-এর বিশ্লেষণে সরকারী এবং শিল্প নিরাপত্তা স্বাস্থ্যকে দশ ভাগে মাপা হয়েছে। যার মধ্যে ম্যালওয়্যার আক্রমণে দূর্বলতা, পাসওয়ার্ড ফাঁসের হার এবং সামাজিক প্রকৌশলে সংবেদনশীলতার মতো বিষয়গুলো উল্লেখযোগ্য। সামাজিক প্রকৌশলে সংবেদনশীলতা বলতে, একজন কর্মীর সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে কর্পোরেট অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করার মতো ঘটনাগুলোর দিকে দৃষ্টিপাত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন শিক্ষা, টেলিযোগাযোগ এবং ওষুধ শিল্পও সাইবার নিরাপত্তায় পিছিয়ে আছে। সে তুলনায় তথ্য ব্যবস্থা, নির্মাণ, খাদ্য এবং প্রযুক্তি শিল্পের অবস্থান উপরের দিকে।
সরকারী সংস্থাগুলো হ্যাকার আর অভ্যন্তরীণ ঝুঁকি মোকাবেলায় কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। ২০১৫ সালে ২ কোটি ১০ লাখ ব্যক্তির সংবেদনশীল তথ্য হ্যাক হওয়ার পর একটি 'চ্যালেঞ্জ' আলোচনায় আসে। সিকিউরিটিস্কোরকার্ড জানায়, তারা ২০১৫ সালের এপ্রিল থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত ৩৫টি বড় ধরনের সরকারি তথ্য ফাঁসের দৃষ্টান্ত খুঁজে পেয়েছে।
দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা সাইবার নিরাপত্তার উন্নতিতে বিশেষ জোর দিয়েছেন বলে জানান রয়টার্স। তার প্রশাসন ২০১৭ আর্থিক বছরে কংগ্রেসে সাইবার নিরাপত্তার জন্য ১ হাজার ৯শ' কোটি ডলারের বাজেট প্রস্তাব করে। যার মধ্যে মার্কিন সংস্থাগুলোর প্রযুক্তির উন্নয়নের জন্য ৩শ' ১০ কোটি মার্কিন ডলার বরাদ্দ রয়েছে।
সিকিউরিটিস্কোরকার্ডের মতে, ফেডারেল সংস্থাগুলোই সফটওয়্যার প্যাচিং সংক্রান্ত ত্রুটি এবং ম্যালওয়্যার নিরাপত্তায় সবচেয়ে পিছিয়ে আছে।
৬শ'টি সরকারি সংস্থার মধ্যে নাসা সবচেয়ে পিছিয়ে আছে বলে গবেষণাটি জানায়। মহাকাশ গবেষণা সংস্থাটির দূর্বলতার মধ্যে ইমেইল স্পুফিং এবং ম্যালওয়্যার আক্রমণ প্রতিরোধ সবচেয়ে দূর্বল বলে সিকিউরিটিস্কোরকার্ডের বিশ্লেষণ জানায়।
