অকুলাস-এর গেইম এইচটিসি ভাইভ-এ
ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস রিফট-এর জন্য বিশেষভাবে তৈরি করা গেইমগুলো এখন খেলা যাবে এইচটিসি ভাইভ ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটেও।
একজন ডেভলপার রিফট হেডসেটের গেইমগুলো ভাইভ হেডসেটে চলার জন্য একটি সফটওয়্যার প্যাচ তৈরি করেছেন বলে জানিয়েছে বিবিসি। এই মুহূর্তে এটি কেবল ‘লাকি’স টেইল’ এবং ‘অকুলাস ড্রিমডেক’ গেইম দুইটির ক্ষেত্রে কাজ করে।
আশা করা যাচ্ছে, অন্যান্য গেইমগুলোর জন্যও সফটওয়্যার প্যাচ পাওয়া যাবে। যদিও একজন ব্যবহারকারী জানিয়েছেন, কম্পিউটার প্রযুক্তির ব্যাপারে অনভিজ্ঞদের জন্য এটি বেশ জটিল মনে হতে পারে। ‘লিবরেভিআর’ নামে পরিচিত একজন ডেভলপার কোড শেয়ারিং সাইট গিটহাবে প্যাচটি পোস্ট করেছেন,যাতে যে কেউ তা ডাউনলোড করে ব্যবহার করতে পারে।
সংবাদ ওয়েবসাইট আর্স টেকনিকা-এর লেখক স্যাম ম্যাচকোভিচ জানিয়েছেন, প্যাচটি ব্যবহার করে তিনি স্টিমভিআর গেইম-প্লেইং সিস্টেমের মাধ্যমে ভাইভ এ ‘লাকি’স টেইল’ গেইমটি খেলতে সমর্থ হয়েছেন।
প্যাচটিতে আরো কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন ‘চ্যাপারওয়ান’ নামের একটি পদ্ধতি ব্যবহারকারীর চারপাশের উপর নজর রাখে এবং তারা দেয়াল বা কোনো বাধার খুব কাছে চলে গেলে সতর্ক করে দেয়। যদিও গেইমগুলো ভাইভ-এর মোশন কন্ট্রোলার দিয়ে না, বরং কেবল এক্সবক্স কন্ট্রোলার দিয়েই খেলা যাবে।
মাচকোভিচ জানান, প্যাচটি গুরুত্বপূর্ণ কারণ, এর আগে স্টিমভিআর-এর মাধ্যমে অকুলাস অনেক গেইম পেলেও ভাইভ এর ব্যবহারকারীদের জন্য অকুলাস গেইম নাগালের বাইরেই ছিল। ম্যাচকোভিচ বলেন, “অকুলাসের প্রাথমিক গেইমগুলো খেলার জন্য এখন এইচটিসি ভাইভ-এর মালিকদের কাছে রয়েছে একটি বিনামূল্য ও সহজ পদ্ধতি।”
অকুলাস নতুন প্যাচটির ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি, যদিও তারা এর আগে জানান, গেইমগুলো পরিবর্তন অথবা ‘মড’ করা হলে তারা খুশিই হবেন।
