ধুলোয় মেশাল ব্ল্যাকবেরির নিরাপত্তা
স্মার্টফোনের দৌড়ে বর্তমানে কিছুটা পিছিয়ে কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। সুরক্ষার জন্যই বেশি খ্যাত এই প্রতিষ্ঠান। এবার প্রতিষ্ঠানের সেই খ্যাতিকেই ধুলোয় মিশিয়েছে কানাডিয়ান পুলিশ। ব্ল্যাকবেরি এনক্রিপশনের ‘মাস্টার কি’ পুলিশের কাছে রয়েছে, সম্প্রতি এমন তথ্যই দেওয়া হয়েছে।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, ওই মাস্টার কি দিয়ে গ্রাহকের ফোনে প্রেরণ করা প্রায় সব বার্তাই খুলতে পারে পুলিশ। আর ২০১০ সাল থেকেই দেশটির পুলিশ এটি ব্যবহার করে আসছে বলেও জানানো হয়।
সম্প্রতি মন্ট্রিয়লে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আনা এক মামলার প্রেক্ষিতে আদালতে এই চাবি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। তদন্তের জন্য কানাডিয়ান পুলিশ প্রায় ১০ লাখ বার্তা ডিক্রিপ্ট করেছে বলে জানানো হয়। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছেও ব্ল্যাকবেরির 'মাস্টার কি' আছে কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে।
ব্ল্যাকবেরির গ্রাহকেরা প্রতিষ্ঠানের এই মাস্টার কির বিষয়ে জানেন না বলেও জানিয়েছে বিজনেস ইনসাইডার। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেখানে এনক্রিপশনের ব্যাপারে আরো বেশি জোরালো হচ্ছে সেখানে ব্ল্যাকবেরির এই সুরক্ষা ত্রুটি প্রতিষ্ঠানের ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন চেন বলেছেন, "গোপনীয়তার প্রতিশ্রুতি অপরাধীদের জন্য প্রযোজ্য নয়।"
পুলিশ ঠিক কীভাবে এই বৈশ্বিক এনক্রিপশন চাবি পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। আর এ বিষয়ে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
