গোপ্রো-তে অ্যাপল ডিজাইনার
টেক জায়ান্ট অ্যাপল-এর ডিজাইনার ড্যানিয়েল কোস্টারকে এ মাসের শেষেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পরিধানযোগ্য ও অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো।
এক বিবৃতিতে গোপ্রো জানায়, কোস্টার ২০ বছরেরও বেশি সময় ধরে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এ সময়ে তিনি আইফোন ৪ এবং আইপ্যাডের তারবিহীন কীবোর্ডের মতো ডিভাইসগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অ্যাপলের আইফোন ৬সহ এ মাত্রার অন্যান্য ফোনের উন্নত ভিডিওধারণ ক্ষমতার কারণে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে গোপ্রো।
নতুন ওই নিয়োগের ঘোষণার পর বুধবার নাসদাক-এর সূচকে প্রতিষ্ঠানটির শেয়ার ১৬.৩ শতাংশ বেড়ে ১৩.৫৮-এ উঠে এসেছে বলে জানায় রয়টার্স।
চলতি বছর ফেব্রুয়ারির খবরে জানা যায়, কর্মী ছাঁটাই, ব্যবসা কৌশলে পরিবর্তন আর নতুন মডেলের ক্যামেরা বাজারজাত করার পরেও বাজারে সুবিধা করে উঠতে পারছে গোপ্রো। টানা কয়েক প্রান্তিক ধরে লোকসানে আছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ প্রান্তিকে প্রায় সাড়ে তিন কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে। ওই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার পর প্রধান আর্থ কর্মকর্তাকে ছাঁটাই করেছে গোপ্রো। পণ্যের সংখ্যাও কমিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে এখন মোটে তিনটি মডেলের ক্যামেরা বিক্রি করছে ওই অ্যাকশন ক্যামেরা নির্মাতা।
গোপ্রোর এই অবস্থার প্রভাব পরেছে শেয়ার বাজারেও। ১২ শতাংশ দাম কমেছে গোপ্রোর শেয়ারের। ২০১৪ সালে সর্বোচ্চ যে দাম উঠেছিল, তার থেকে ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।
