২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক ‘কৃত্রিম বুদ্ধি’

এতদিন বিভিন্ন বোর্ড গেইমে সাফল্য দেখিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার এমন দৃষ্টান্তকে পেছনে ফেলে দিয়েছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড। প্রতিষ্ঠানটি চীনা একটি গানের প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে এবং সঠিকভাবে চূড়ান্ত বিজয়ী পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 07:11 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

শুক্রবার রাতে আলিবাবা ক্লাউড হিউনান টিভির একটি গানের অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামটি ব্যবহার করে। অনুষ্ঠানের ৫০০ দর্শকের মতামতের উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তাটি কাজ করেছে। চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অনুমান সরাসরি দেখানো হয়েছে। প্রতিযোগিতাটি কোরিয়ান একটি প্রতিযোগিতার অভিযোজন। এখানে পেশাদার শিল্পীরা অংশগ্রহন করে থাকে। প্রতিযোগিতায় কোকো লি নামে একজন চীনা আমেরিকান বিজয়ী হয়।

আলিবাবা এআই দলটি দিনরাত কাজ করেছে তাদের প্রচেষ্টাকে সফল করার জন্য। শেষ চেষ্টা হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে অনুষ্ঠানের একটি পর্বে ব্যবহার করেছে যেখানে এটি সঠিকভাবে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে অনুমান করেছে কিন্তু তৃতীয় স্থান অনুমান করতে এটা ভুল করে বলে জানায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিগ ডেটা ইনকিউবেটর-এর পরিচালক মিন অয়্যালিন।

যদিও আলিবাবা অভ্যন্তরীণভাবে গ্রাহকসেবা এবং যানবাহনের অবস্থান নির্ণয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছিল, কিন্তু এ প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবারের মত তারা প্রকাশ্যে এল, এমনটাই জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রোগ্রামটি গানের জনপ্রিয়তা, গায়কদের গানের পরিপূর্ণতা, গানের কথা এবং দর্শকের মতামতের উপর ভিত্তি করে শেষ সাত জনকে বিচার করে। 

"আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আবেগ এবং সঙ্গীত বোঝার জন্য তৈরি করেছি", চায়না রিয়াল টাইমকে বলেন ড. মিন।

চীনের একটি ওয়েব ব্লগে অনেক ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করেছে। আলফাগো-এর সঙ্গে এর তুলনা করেছে এবং প্রশংসা করেছে। একজন ব্যবহারকারী এআই এবং আলফাগো-কে একসঙ্গে দাবা খেলনোর আহ্বান জানান। আবার কেউ কেউ এর অনুমান কে ভুয়া বলেছে এবং চূড়ান্ত পর্বের ফলাফল পূর্বেই নির্ধারিত ছিল বলে মত দিয়েছেন।

আলিবাবার একজন প্রতিনিধি জানান, প্রতিযোগিতার ফলাফল নিয়ে তাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ সৎ আত্মবিশ্বাস রয়েছে।

তিনি আরও জানান, এটি একটি সুপ্রতিষ্ঠিত প্রতিযোগিতা ছিল এবং ফলাফল স্বাধীন কতৃপক্ষ আর লাখ লাখ দর্শক দ্বারা নিরীক্ষা করা হয়েছে। আমরা প্রদর্শনীতে এআই-কে এনেছি নতুনত্ব যোগ করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের পারদর্শীতা দেখানোর জন্য।

ড. মিন এর দলটি ২০১২ সাল থেকে এআই-এর জন্য কাজ করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এআই-এর বিভিন্ন প্রকল্পের উপর কাজ করে যাচ্ছে।