বৈশাখে আসছে 'হাতেখড়ি-২'
পহেলা বৈশাখ ১৪২৩ উপলক্ষে শিক্ষামূলক অ্যাপ 'হাতেখড়ি'র নতুন সংস্করণ আনছে এর নির্মাতা প্রতিষ্ঠান সূর্যমুখী লিমিটেড।
২০১৪ সালে যাত্রা শুরু করা এই অ্যাপটি স্মার্টফোনের মাধ্যমে শিক্ষাদানের লক্ষ্যেই বানানো হয়।
এতদিন অ্যাপটি দিয়ে বর্ণমালা শেখা, বর্ণ দিয়ে শব্দ, যুক্তাক্ষর তৈরি, সংখ্যা ও বাক্য তৈরিসহ হাতের লেখা চর্চা করা যেত। এবার নতুন সংস্করণে 'সংখ্যা' ও 'যুক্তাক্ষর' নামের নতুন দুটি ফিচার আনা হয়েছে। এর ফলে এখন ‘সহজেই’ বাংলা সংখ্যা ও যুক্তাক্ষর শেখা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
'হাতেখড়ি-২' অ্যাপটি এর পূর্ববর্তী সংস্করণের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ এবং এই অ্যাপ ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা শেখার ক্ষেত্রে একটি সত্যিকারের মাইলফলক হয়ে থাকবে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো বার্তায় এমনটাই জানিয়েছেন সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী ফিদা হক।
