সত্য ধারণে বুথ, কিকস্টার্টারে প্রচারণা
একটি বুথে একটি ভিডিও ক্যামেরা দেওয়া থাকে। যে কেউ এর ভিতরে গিয়ে একটি বাক্য শেষ করে দিয়ে আসতে পারেন। বাক্যটি হল- "সত্য হচ্ছে...", এই বাক্য শেষ করতে সময় দেওয়া হয় দুই মিনিট। আর অংশগ্রহণকারীর বলা 'সত্য কথা'র ভিডিও ধারণ করা হয়।
ট্রুথবুথ নামের এই ভ্রাম্যমান বুথ আয়ারল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ভ্রমণ করেছে। শেষ পাঁচ বছরে এই আধুনিক যুগের 'কনফেশন বুথ'-এর মাধ্যমে প্রায় ৬ হাজার অজানা মানুষ তাদের 'সত্য' ব্যক্ত করেছেন বলে জানিয়েছে সিএনএন।
এই ধারণার পেছনে থাকা কারিগরদের ইচ্ছা, তাদের কাছে থাকা ট্রুথবুথ দুইটি যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্য ভ্রমণ করবে। আর এজন্য মঙ্গলবার তারা ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টার-এর মাধ্যমে প্রচারণা চালানো শুরু করেছেন।
চার কারিগরের একজন হ্যাঙ্ক উইল টমাস বলেন, "প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে বলতে চাই, যেহেতু বিষয়গুলো অনেক বদলে গেছে, আমাদের সবার মধ্যে থাকা ভিন্নতার চেয়ে, মিলের পরিমাণই যে বেশি, সেটি বুঝতে আমরা সবাইকে সহায়তা করতে চাই।"
তাদের লক্ষ্য ৭৫ হাজার ডলার সংগ্রহ করা যা তাদের আরও সাতটি অঙ্গরাজ্যে বুথ উন্মোচন করার সুযোগ এনে দেবে। তাদের উদ্দেশ্য প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ৫০টি অঙ্গরাজ্যে পৌঁছানো। তারা বিভিন্ন ধরনের ফাউন্ডেশন থেকে অর্থ অনুদান সংগ্রহ করছেন।
ইতোমধ্যে বিভিন্ন রেকর্ডিং থেকে অনেক ধরনের অনুভুতি প্রকাশ পায়। এক মহিলা তার বাক্যে জানান, তিনি পাঁচবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আরেক লোক বলেন, "সত্য হচ্ছে আমার প্রতিদিন রাস্তায় হাটতে ভয় লাগে।''
"সত্য হচ্ছে কিছু মানুষ শরীরের রং দেখে মানুষ বিবেচনা করে", বলেন এক নারী।
