এবার হাতের তালুতেই টাচস্ক্রিন!
এবার হাতের তালুকেই টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করার প্রযুক্তি নিয়ে আসছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। অনেকটা সায়েন্স ফিকশনের মতো শোনালেও বাস্তবে এমনটাই হতে যাচ্ছে বলে জানিয়েছে স্কাইনিউজ।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স-এর বিজ্ঞানীরা আল্ট্রালাইট বিম ব্যবহার করে মানুষের হাতের তালুতে ট্যাকটাইল অনুভূতি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে একে ভবিষ্যৎ স্মার্টওয়াচগুলোর ডিসপ্লে এক্সটেনশন হিসেবে ব্যবহারের ভালো সম্ভাবনা দেখছেন তারা।
স্কিনহ্যাপটিকস নামে নতুন এ প্রযুক্তিতে হাতের পিঠ থেকে তালুতে অনুভূতি পাঠানোর মাধ্যমে হাতের তালুতেই প্রজেকশনের মাধ্যমে স্ক্রিন দেখানো হবে। এতে টাইম-রিভার্সাল পদ্ধতিতে হাতের মধ্য দিয়েই আল্ট্রাসাউন্ড তরঙ্গ পাঠানো হবে এবং তা হাতের তালুর একটি নির্দিষ্ট অংশে গিয়ে থামবে। এর ফলে ব্যবহারকারীরা হাতের তালুতে স্ক্রিন দেখার সঙ্গে সঙ্গে এর ব্যবহার অনুভব করতে পারবেন। এ ধরনের প্রযুক্তির ক্ষেত্রে এ গবেষক দলটিই প্রথম বলে জানায় স্কাইনিউজ।
দলটির প্রধান গবেষক অধ্যাপক শ্রিরাম সাবরামানিয়ান বলেন, "পরিধানযোগ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তা আকারে ছোট হয়ে আসছে এবং আমরা এর দিকে কম দৃষ্টিপাত করছি, এবং একারণেই মাল্টিসেন্সরি ক্যাপাবিলিটিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।"
এই প্রযুক্তির সুবিধাগুলো সম্পর্কে তিনি বলেন, "বাইকে চড়া অবস্থায়ই যদি স্মার্টওয়াচের ভলিউম পরিবর্তনের দরকার পড়ে, তবে এর ক্ষেত্র খুবই ছোট হয়। এ কারণেই প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীর হাতে এই ক্ষেত্রের আকার বড় করে তোলার উপায় খুঁজছে।"
এ গবেষণার সংক্রান্ত সহকারী লেখক ড. ড্যানিয়েল স্পেলমেজান গবেষণার ফলাফল ফিলাডেলফিয়ার আইইইই হ্যাপটিকস সিম্পোজিয়ামে উপস্থাপন করেন বলে জানায় স্কাইনিউজ।
