সাইবার আক্রমণে ভয়াবহ অবনতি
সাম্প্রতিক উপর্যুপরি সাইবার আক্রমণে তথ্য চুরির ঘটনায় পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্র ফুটে উঠেছে মার্কিন নিরাপত্তা সংস্থা সিমেনটেক-এর প্রতিবেদনে।
সিমেনটেক-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালেই ৫০ কোটিরও বেশি লগইন নেইম, পাসওয়ার্ড এবং অন্যান্য ডিজিটাল আইডি সম্পর্কিত তথ্য চুরি বা প্রকাশের ঘটনা ঘটেছে। এ ছাড়াও ভুয়া টেকনিকাল সাপোর্ট স্ক্যামের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে এবং ক্রিপ্টোভিত্তিক র্যানসমওয়্যার আক্রমণ বেড়েছে ৩৫ শতাংশ।
ঝুঁকিবিষয়ক বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, এসব সাইবার আক্রমণের সাফল্য নিশ্চিত করতে হ্যাকারেরা অচেনা সফটওয়্যার বাগ ব্যবহারের দিকে ঝুঁকছে।
এতে আরও বলা হয়, হ্যাকার দলগুলো প্রচলিত সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর মতোই পেশাদার হয়ে উঠেছে।
সিমেনটেক নিরাপত্তা পদক্ষেপ বিভাগের পরিচালক কেভিন হেলি এক বিবৃতিতে বলেন, "তাদের ব্যাপক সম্পদ ও খুবই দক্ষ টেকনিকাল স্টাফ রয়েছে, যারা এতটাই দক্ষতার সঙ্গে কাজ করে যে তারা স্বাভাবিক ব্যবসার মতোই সময়ানুগ, এমনকি তারা সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলো পর্যন্ত পালন করে।"
তিনি জানান, কিছু হ্যাকার দল এসব প্রতারণার কাজকে সফল করতে কল সেন্টার প্রতিষ্ঠা করেছে। এদের মধ্যে কিছু দল ব্যবহারকারীদের কম্পিউটারে ভুয়া সমস্যা দেখিয়ে তার সমাধানে ভুয়া টেক সাপোর্ট স্ক্যামের মাধ্যমে অর্থ আদায় করে থাকে। এ আক্রমণের শিকার দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং জার্মানির অবস্থা সবচেয়ে গুরুতর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে ভুয়া পপ-আপ ভাইরাস সতর্কবার্তার মাধ্যমে প্রতারণার কথাও উঠে এসেছে এ প্রতিবেদনে। সিমেনটেক জানায়, এসব ক্ষেত্রে যেসব ব্যবহারকারী এসব পপ-আপে সাড়া দিয়েছেন, তাদের কম্পিউটার র্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকারদের দখলে চলে গেছে।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বীমা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি অনধিকার প্রবেশের ঘটনার শিকার হয়েছে।
২০১৫ সালে ৯টি অনধিকার প্রবেশের ঘটনায় ১ কোটিরও বেশি রেকর্ড প্রকাশিত হয়। এর তুলনায় ২০১৪ সালে মাত্র চারটি ঘটনা এমন গুরুতর ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটার নিবন্ধন রেকর্ডে অনধিকার প্রবেশের ঘটনায় প্রায় ১৯ কোটি নাগরিকের তথ্য প্রকাশিত হয়ে পড়ে।
হেলি জানান, প্রকাশিত ডিজিটাল আইডেন্টিটির প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ অনেক ফার্মই ঠিক কী পরিমাণ তথ্য হারিয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, "অনধিকার প্রবেশের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান প্রবণতা খুবই গুরুতর হয়ে উঠছে। এসব আক্রমণের পূর্ণ প্রভাব গোপনের ফলে ঝুঁকি পর্যালোচনা এবং ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা উন্নীত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে।"
