২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক হলো ডেলের সাইবার নিরাপত্তা ইউনিট

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে প্রবেশ করেছে মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল ইনকর্পোরেটেড-এর সাইবার নিরাপত্তা বিভাগ ‘সিকিওরওয়ার্কস কর্পোরেশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:18 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

বড় কোনো প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানই এ বছর প্রথম শেয়ারবাজারে এলো বলে জানিয়েছে রয়টার্স।

বাজারে প্রতিষ্ঠানটির মূল্য ধরা হয়েছে ১৪২ কোটি মার্কিন ডলার পর্যন্ত। জর্জিয়ার আটলান্টাভিত্তিক প্রতিষ্ঠান সিকিওরওয়ার্কস সোমবার জানায়, প্রতিটি 'ক্লাস এ'-শেয়ারের মূল্য ১৫.৫০ থেকে ১৭.৫০ মার্কিন ডলার হবে বলে তারা আশা করছে।

ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা-এর ফিনান্স বিষয়ের অধ্যাপক আইপিও বিশেষজ্ঞ জে রিটার রয়টার্সকে বলেন, “এ রকম অবনতি থেকে কেবল একটি দিকেই যাওয়ার পথ রয়েছে, আর তা হলো ওপরে।” তিনি আরো বলেন, “আমি আশা করছি না যে, আইপিওর বন্যা বয়ে যাবে, তবে পাবলিক হতে যাওয়া বিভিন্ন ধরনের কারখানা ও প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে।”

বিগত বছরগুলোয় কয়েকটি বড় ব্যাঙ্ক, খুচরা বিক্রেতাসহ অনেক প্রতিষ্ঠান উপর্যুপরি হ্যাকিং-এর শিকার হওয়ার পর ফায়ারআই ইনকর্পোরেটেড, র‌্যাপিড৭ ইনকর্পোরেটেড এবং মাইমকাস্ট লিমিটেড-এর মতো কয়েকটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ানোর জন্য পাবলিক হয়ে যায়।

র‌্যাপিড৭ এবং ফায়ারআই-এর শেয়ার প্রথমেই ৭০-৮০ শতাংশ বৃদ্ধি পেলেও এখন তাদের ব্যবসা তাদের প্রাথমিক শেয়ার মূল্যেরও অনেক নিচে নেমে গেছে। মাইমকাস্ট-এর মূল্য তালিকাভূক্তির দিন ২০ শতাংশ বাড়লেও তারা তাদের প্রাথমিক শেয়ার মূল্যের নিচেই রয়েছে। রিটার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে শেয়ারের ‘প্রিমিয়াম প্রাইসিং’ এর বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি প্রতিষ্ঠানগুলোর লাভের প্রবৃদ্ধিকে স্থবির করে দেবে।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল অক্টোবরে প্রথম প্রতিবেদন করে যে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম পার্সোনাল কম্পিউটার নির্মাতা ডেল গোপনে সিকিওরওয়ার্কস-কে তালিকাভুক্তির জন্য আবেদন করেছে। উল্লেখ্য, সিকিওরওয়ার্কস-কে ডেল ২০১১ সালে ৬১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিকিওরওয়ার্কস-এর ৫৯টি দেশে মোট ৪ হাজার ২শ'টি  গ্রাহক রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের ন্যাসডাক শেয়ারবাজারের 'ক্লাস এ' ভুক্ত সাধারণ শেয়ারগুলো ‘এসসিডাব্লিউএক্স’ প্রতীকের মাধ্যমে তালিকাভূক্ত করার পরিকল্পনা করেছে। ব্যাংক অফ আমেরিকা-এর মেরিল লিঞ্চ, মরগান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাকস অ্যান্ড কোম্পানি এবং জেপি মরগান সিকিওরওয়ার্কস-এর আইপিও-এর জন্য সম্মত হয়েছে।