ইয়াহু নিয়ে ‘এখন পর্যন্ত’ সর্বশেষ
এক সময়ের ওয়েব জায়ান্ট ইয়াহুর বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। প্রতিষ্ঠানটির ইন্টারনেট সেবা সরবরাহের ব্যবসায়-এর মূল্য এখন চীনা ই-কমার্স সাইট আলিবাবা-এর মূল্যের ভগ্নাংশের সমান বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্তৃপক্ষ চীনে ইয়াহুর শেয়ার বিক্রি বন্ধ করে দেওয়ার পর, ইয়াহু প্রধান মারিসা মায়ার তার ‘প্ল্যান বি'- হাতে নিতে চান। আর তা হল ইয়াহুর প্রধান ব্যবসায় বিক্রি করে দেওয়া।
ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ইয়াহু কেনার জন্য প্রস্তাব দিতে থাকে। এবার সে তালিকায় নতুন নামের কথা জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল। তারা জানায়, এখন ইয়াহু নাম না জানা একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ- আলোচনা করছে।
পৃথিবীর অনেকের কাছেই ইয়াহু শুধুই একটি ইন্টারনেট প্রতিষ্ঠান হলেও, যুক্তরাষ্ট্রে একে এখনও একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়।
গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর-এর মতে, ফেব্রুয়ারি মাসে এর অনলাইন প্ল্যাটফর্মে ২০ কোটি ৪০ লাখেরও বেশি ব্যবহারকারী ভিজিট করেছেন। সে হিসাবে এটি ঐ মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ভিজিটেড সাইট। সে তুলনায় ওই সময়ে ফেইসবুকের ব্যবহারকারী সংখ্যা ১ শতাংশ বেশি এবং গুগলের অ্যাপ আর ওয়েবসাইট মিলিয়ে ১৭শতাংশ বেশি ব্যবহারকারী রয়েছে বলে জানায় বিবিসি।
এ ছাড়াও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড-এর গবেষণায় জানা যায়, ইয়াহু-এর নিউজ এবং স্পোর্টস-এর খবর যুক্তরাষ্ট্রে প্রতি চার জনে এক জন পড়ে থাকেন।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়াহুর মোট প্রায় ৬ হাজার পেটেন্ট আছে, যার মূল্য প্রায় ৪শ’ কোটি ডলার।
