দুটি অ্যান্ড্রয়েড ফোন আনছে ব্ল্যাকবেরি
চলতি বছর মাঝারি ক্ষমতার দুইটি অ্যান্ড্রয়েড ফোন আনবে বলে জানিয়েছেন কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাবেরির প্রধান নির্বাহী জন চেন।
স্মার্টফোনদুটির একটিতে বোতামযুক্ত কি-বোর্ড রাখা থাকবে আর অন্যটি সম্পূর্ন টাচ-স্ক্রিন হবে। আপাতত নিজস্ব অপারেটিং সিস্টেম বিবি১০-চালিত কোনো স্মার্টফোন তৈরির কোনো পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। কিন্তু প্রতিষ্ঠানটি আগের স্মার্টফোনগুলোর অপারেটিং সিস্টেমের উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিবিসি।
চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে এর বিক্রি প্রায় ২০ কোটি মার্কিন ডলার কমে গেছে। চেন জানান, ব্ল্যাকবেরির প্রথম অ্যান্ড্রয়েড ফোনটি (প্রিভ) খুবই ব্যয়বহুল ছিল। "আমরা খুবই উচ্চ মূল্যের ফোন নিয়ে এসেছিলাম, এটা সম্ভবত ভালো সিদ্ধান্ত নয়", বলেন তিনি।
"অনেক গ্রাহকই আমাদের বলেছেন, আমরা তোমাদের ফোনটি কিনতে চাই, কিন্তু ৭শ' মার্কিন ডলার খুবই বেশি হয়ে যায়। আমি ৪শ' মার্কিন ডলার দামের ডিভাইস কিনতে আগ্রহী", এমনটাই বলেন চেন।
এর আগে চেন তাদের 'প্রিভ' হ্যান্ডসেটটির কম বিক্রির কারণ হিসেবে মোবাইল নেটওয়ার্কগুলোর সঙ্গে আলোচনায় বিলম্ব হওয়াকে দায়ী করেছিলেন। মার্চ মাসে ফেইসবুক এবং হোয়াটস্অ্যাপ ব্ল্যাকবেরির জন্য নিজেদের অ্যাপ তৈরি বন্ধ করে দেওয়ার কথা জানায়। এই সিদ্ধান্তকে 'চরম হতাশাজনক' হিসাবে উল্লেখ করে ব্ল্যাকবেরি।
সিসিএস ইনসাইট-এর গবেষক বেন উড জানান, যদি ব্ল্যাকবেরি ব্যবসায় টিকে থাকতে চায়, তবে তাদের মাঝারি পরিসীমার স্মার্টফোন নিয়ে আসতে হবে।
