২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো বিডিনগ সম্মেলন

৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) পঞ্চম সম্মেলন শেষ হয়েছে। ১১ এপ্রিল সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট সোসাইটির ইন্টারনেট অপারেশনাল নেটওয়ার্ক (আইওএন) সম্মেলন ২০১৬।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক ফকির ফিরোজ আহমেদ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি এম এ হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সর্বত্র ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইন্টারনেটের মূল্যের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, ইন্টারনেটের একটি আনুপাতিক মূল্য নির্ধারণের জন্য বিটিআরসি কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি আইএসপিএবিসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে পরামর্শ আহ্বান করেন।

বিপিসির সমন্বয়ক ফকির ফিরোজ আহমেদ বলেন, "আমরা প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে চাই। জনগণকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই।"

অনুষ্ঠানে টেলিমেডিসিনের বিভিন্ন অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. সিদ্দিক-ই-রাব্বানি।

আইওএন সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্টারনেট সোসাইটির কনটেন্ট এন্ড রিসোর্স ম্যানেজার কেভিন মেইনেল, অপারেশনাল এনগেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার ইয়ান জর্জ, বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, সভাপতি এফ এম রাশেদ আমিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিডিনগের সাবেক সভাপতি নুরুল ইসলাম রোমান, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন প্রমুখ।

সম্মেলনের সহ-আয়োজক ছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এবং সহযোগিতায় ছিলো আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)।