২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা শুরু

বাংলাদেশসহ সারা বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:33 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

 তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তায় আরও বেশি শক্তিশালী করে তোলার লক্ষ্যে ১২ এপ্রিল, ২০১৬ থেকে রাজধানীতে  আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল-এর সহযোগিতায় শুরু হয়েছে ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি’-এর উপর প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অতিদ্রুত এগিয়ে চলেছে। একইসঙ্গে বেড়ে চলেছে সাইবার ঝুঁকি এবং আক্রমণের ঘটনা। তাই, যে কোনো ধরনের সাইবার আক্রমণ মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।"

একই সঙ্গে ২০০ জন তথ্যপ্রযুক্তিবিদকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য আইএসপিএবিকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির ফিরোজ আহমেদ, কো-অর্ডিনেটর, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি করা, এর জন্য আমরা কাজ করে যাচ্ছি।" ভবিষ্যতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ খাতে বাজেট আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইএসপিএবির প্রেসিডেন্ট এম এ হাকিম বলেন, "আইএসপিএবি আইএসপি প্রতিষ্ঠানগুলোর সংগঠন হলেও আমরা শুধুমাত্র ব্যবসায় সংক্রান্ত কার্যাবলীই করি না, পাশাপাশি এ খাতে দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করে থাকি।"

তিনি আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য অ্যাপনিক-৪২ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান বলে এক বার্তায় জানিয়েছে আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।

দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন প্রযুক্তিবিদ কেভিন মেইনেল (ইন্টারনেট সোসাইটি) ও এপিএনআইসি-এর নিরাপত্তা বিশেষজ্ঞ ফখরুল আলম। কর্মশালায় পুলিশ, সিআইডি, এসবি, ডিবি, ডিজিএফআই, এনএসআই, পিবিআই, বিভিন্ন ব্যাংক, বিটিআরসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন নেটওয়ার্ক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রশিক্ষণ গ্রহণ করছেন। এতে রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্ক কীভাবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা যায় সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে জ্ঞানদান করা হবে। একই সঙ্গে যে কোনো ধরনের সাইবার আক্রমণ মোকাবেলা করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।