রাজশাহীতে অনুষ্ঠিত নাসার ফাইনাল বুটক্যাম্প
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতা 'নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’। এ উপলক্ষ্যে ১১ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্সে রাজশাহী অঞ্চলের প্রতিযোগিদের নিয়ে ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বেসিসের পরিচালক এবং বেসিস স্টুডেন্টস ফোরাম ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান অপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর সিএসই বিভাগের প্রভাষক কাজী মাহমুদুল হাসান মুন্না, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সোহান রিদওয়ান, অ্যান্ড্রয়েড ডেভেলপার আজমল এইচ পলাশ ও গ্রাফিক ডিজাইনার নাহিদ হোসেন।
রাজশাহী অঞ্চলের এই ফাইনাল বুটক্যাম্পে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ৪০টি দল অংশ নেয়। অনুষ্ঠানে কীভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, কীভাবে একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করা যায়, বাস্তব প্রকল্প দেখানোসহ এই আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় বলে জানিয়েছে বেসিস।
বিশ্বের ২২০টিরও বেশি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা বাংলাদেশে আসবেন।
আগের বারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এবারের প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। এ ছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।
