২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের সমস্যা হার্ডওয়্যার নয়, সফটওয়্যার

সাত বছর আগে প্রথমবারের মত স্মার্টফোনের দৌড়ে নিজের উপস্থিতি জানান দেয় দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। শুরু থেকেই স্মার্টফোনে শীর্ষস্থান দখল করার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রচুর অর্থ খরচ করে ব্যাপক প্রচারণা চালিয়েও অ্যাপ চালানোর বেলায় সবসময়ই মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের থেকে কিছুটা পিছিয়েই রয়েছে এই প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

যে অ্যাপগুলো আইওএস ডিভাইসে নিখুঁতভাবে চলে স্যামসাং ফোনে সেই অ্যাপগুলো সেই অর্থে ততটা নিখুঁত নয়, এমন সমালোচনা সবসময়ই শোনা যায়। যত ভালো ফোনই আনা হোক না কেন স্যামসাংয়ের জন্য এই সমালোচনাগুলো সবসময়ই থেকে যায় বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

স্যামসাংয়ের এই সমস্যার প্রধান কারণ হিসেবে এর সফটওয়্যারকেই দায়ী করছেন সমালোচকেরা। হার্ডওয়্যার নিয়ে তাদের কোন সমস্যা নেই বলে জানানো হয়। ভালোমানের বড় পর্দা, উচ্চমানের ক্যামেরা দিয়ে গ্রাহকের মন জিতেছে স্যামসাং তবে বাজে অ্যাপই একে নিচে নামিয়েছে।

সমালোচকেরা মনে করছেন, এসব বাজে সফটওয়্যার পরিবর্তন করলেই ভালমানের স্যামসাং ফোন পাওয়া সম্ভব। আর সেইজন্যই কিছু পরামর্শও দিয়েছেন তারা। স্যামসাংয়ের টাচউইজ লঞ্চারের থেকে ভালো লঞ্চার প্লে স্টোরে রয়েছে বলে জানানো হয়। এক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর অ্যাপ হচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অ্যাপ। এ ছাড়াও স্যামসাং ডিভাইসের কিবোর্ড কিছুটা নিম্নমানের বলেও মনে করেন তারা। এই সমস্যাগুলো সমাধান করা গেলে স্যামসাংয়েও দারুন সফটওয়্যার পাওয়া সম্ভব বলে সমালোচকদের প্রত্যাশা।

"আমরা জানি গ্রাহক কিছুটা কম সফটওয়্যার চায় এবং আমরা কম পরিমাণে সফটওয়্যার যুক্ত করার আপ্রাণ চেষ্টা করছি।"-বলেন স্যামসাংয়ের প্রচারণা ব্যবস্থাপক ফিলিপ বার্নি।

এ বছরই গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ পানিনিরোধক এবং অন্যান্য আকর্ষণীয় ফিচারযুক্ত এই ফোন দিয়েই নতুন করে অ্যাপলকে টেক্কা দেওয়ার প্রয়াস করছে প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত এই ফোনের সফটওয়্যারকেও নেতিবাচক বলেই মনে করছেন সমালোচকেরা।