লাভ কমছে অ্যাপল-এর
বর্তমান সময়টা তেমন ভালো যাচ্ছে না স্মার্টফোন ব্যবহারকারীর জন্য। পুরানো ফোন ফেলে নতুন ফোন কেনার হার বেশকিছুটা কমেছে এ বছর। আর সেজন্যই ব্যবসায়িক ক্ষেত্রে লাভের পরিমাণও লক্ষণীয় মাত্রায় কমেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। ২০১৬ এবং ২০১৭ অর্থবছরের হিসাব অন্তত তেমনটাই বলছে।
চলতি বছরের ৬ এপ্রিল ২০১৬ এবং ২০১৭ অর্থবছরে আইফোন বিক্রির পরিমাণের হিসাব প্রকাশ করেছে বিটিআইজি। এই হিসাব অনুযায়ী প্রথমবারের মত ব্যাবসায়িক পতনের মুখে পড়েছে অ্যাপল। বিটিআইজি-এর দেওয়া তথ্যমতে শুধু এ বছরই নয় আগামী বছরেও অ্যাপলের শেয়ারের মূল্য লক্ষমাত্রা থেকে কম। এ সময়ে প্রতি শেয়ারে অ্যাপলের লক্ষ্যমাত্রা ১৪১ মার্কিন ডলার থেকে কমে ১৩০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর সম্প্রতি প্রতিষ্ঠানের ১৯ শতাংশ শেয়ার ১০৯ ডলারে বিক্রি হয়েছে বলেও জানায় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
এ বিষয়ে বিটিআইজি এর এক কর্মকর্তা ওয়াল্টার পাইয়েক বলেন, "আমাদের আশা অনুযায়ী চতুর্থ প্রান্তিকে নতুন স্মার্টফোন ব্যাবহারের হার কম এবং মার্চ প্রান্তিকে এটি আরও কমছে।" মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন, এটিঅ্যান্ডটি, টি-মোবাইল এবং স্প্রিন্ট এই শীর্ষ চার প্রতিষ্ঠানের তথ্য বিবেচনা করে ওই হিসাব প্রকাশ করেছে বিটিআইজি।
ব্যবসায়িক এই পতনই মার্চে স্যামসাং গালাক্সি এস৭ উন্মোচন এবং আইফোন বিক্রির হার কিছুটা মন্থর করেছে বলেও মনে করছেন পাইয়েক।
২০১৬ এবং ২০১৭ সালে প্রায় এক কোটি করে আইফোন কম বিক্রি হবে বলে জানানো হয়। হিসাব অনুযায়ী ২০১৬ সালে ২১ কোটি এবং ২০১৭ সালে ২২ কোটি আইফোন বিক্রির ধারণা করা হচ্ছে। আর ২০১৬ সালে প্রতি শেয়ারে অ্যাপল আয় করবে ৮.৮৭ মার্কিন ডলার এবং ২০১৭ সালে আয়ের পরিমাণ ৯.৫৭ ডলার। প্রতি শেয়ারে এই দুই বছরে অ্যাপলের আয় যথাক্রমে ৫৪ সেন্ট এবং ৫৩ সেন্ট কমছে বলেও ওই হিসাবে উল্লেখ করা হয়।
