২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফলভাবে অবতরণ করল ফ্যালকন ৯

যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স চারটি ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে তাদের একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে একটি মহাসাগরে ভাসমান প্লাটফর্মে অবতরণে সক্ষম হয়েছে। ফ্যালকন ৯ রকেটটি ফ্লোরিডার অদূরে অবস্থিত এই প্লাটফর্মটিতে সফলভাবে অবতরণ করে বলে জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:52 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

নাসার জন্য মাহাশন্যে একটি ‘ভাসমান বাসস্থান’ পৌঁছে দিয়ে এটি ফিরছিল। বাসস্থানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এ যুক্ত হয়ে কক্ষপথে মানুষের জন্য এ ধরণের প্রথম বাসস্থান হিসাবে পরীক্ষিত হবে। রবিবার ফ্লোরিডার স্থানীয় সময় নয়টার দিকে আরেকটি মালবাহী রকেটসহ এটি পৌঁছানোর কথা। নেভাডা ভিত্তিক মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান বিগেলো অ্যারোস্পেইস-এর তৈরি বাসস্থানটি মঙ্গলে যাওয়া সহ দীর্ঘ মহাকাশযাত্রায় এ ধরনের বাসস্থান ব্যবহারের পথ আরো সুগম করবে।

ফ্যালকন ৯ শুক্রবার নির্ধারিত সময় স্থানীয় বিকাল ৪টা ৪৩ মিনিটে কেইপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে উৎক্ষিপ্ত হয়। ড্রাগন ক্যাপসুলকে কক্ষপথে নিয়ে যাওয়ার পর ফ্যালকন ৯ রকেটটি সেখান থেকে মুক্ত হয়ে ড্রোনশিপ হিসাবে পরিচিত ভাসমান প্লাটফর্মটিতে অবতরণ করে। স্পেসএক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, “রকেটটি ড্রোনশিপে গর্তের সৃষ্টি করা বা এরকম কোন বিপত্তি ছাড়াই অবতরণ করে, যে কারণে আমরা আসলেই অনেক উৎফুল্ল।”

স্পেসএক্স পুনঃব্যবহারযোগ্য রকেট এবং সাশ্রয়ী ব্যক্তিগত মহাকাশ ভ্রমণের একটি নতুন যুগ সূচনার চেষ্টা করছে। রিয়েল এস্টেট বিলিয়নেয়ার রবার্ট বিগেলোর’র প্রতিষ্ঠান বিগেলো অ্যারোস্পেস পরীক্ষামূলক বর্ধনযোগ্য বাসস্থান এর আগে মুক্ত করলেও সেগুলোর কোনোটাই মানব ব্যবহারের জন্য তৈরি হয়নি।