দীর্ঘায়ু লাভ করার রহস্যে মাছি
সাধারণ ঔষধের মধ্যেই অন্তত মাছির দীর্ঘ জীবনের চাবিকাঠি থাকতে পারে, এমনটাই উঠে এসেছে এক গবেষণায়। কম মাত্রায় লিথিয়াম একটি মাছির জীবনকে দীর্ঘায়িত করে এমন তথ্য পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, বিজ্ঞানীরা এটাকে মানুষের জীবনকে স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘায়ু করার ঔষধ তৈরির উৎসাহ হিসেবেই দেখছেন। লিথিয়াম মনোবিদ্যায় মেজাজ বদলে দেওয়ার জন্য ব্যবহৃত হয় কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়ারও একটি ঝুঁকি রয়েছে।
লিথিয়াম কীভাবে কাজ করে তা পুরোপুরি বোধগম্য নয়। কিন্তু ফলের মাছি দেখে তারা ধারণা করছেন জিএসকে-৩ নামের একটি রাসায়নিক পদার্থকে আটকিয়েই মাছির জীবনকে বাড়ানো হয়।
ইউসিএল ইন্সটিটিউট অফ হেলদি এজিং এর অধ্যাপক লিন্ডা প্যাট্রিজ বলেন, “মাছির উপর কম মাত্রায় লিথিয়াম প্রয়োগ করে আমরা দেখেছি এটা খুবই উৎসাহব্যঞ্জক, আমাদের পরবর্তী ধাপ পশুদের মধ্যে জিএসকে-৩ কে লক্ষ্য করা এবং সেইসঙ্গে মানুষের মধ্যে প্রয়োগ করার মত ঔষধ তৈরি করা"। তাদের এই গবেষণাটি সেল রিপোর্টস এ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, কম মাত্রার লিথিয়াম প্রয়োগে ফলের মাছির আয়ু ১৬ শতাংশ বাড়তে পারে। তবে, অতিমাত্রায় লিথিয়াম তাদের আয়ু কমিয়ে দেয়।
এ ছাড়াও ইউসিএল ক্যান্সার ইন্সটিটিউটের সহ গবেষক ড. ইভানা জেডভ বলেন, “আমরা দেখেছি মিষ্টি খাওয়া মাছিদের লিথিয়ামের কম প্রয়োগ শুধু আয়ু বাড়িয়েই দেয় না বরং শরীরের ক্লান্তি দূর করে এবং মেদ হওয়া রোধ করে”।
যুক্তরাজ্যের পার্কিনসনের দাতব্য সংস্থার ক্লেয়ার বেল জানান, এটা খুবই ভাল দিকে যে, গবেষণা বয়সের ধাঁধার একটি মূল টুকরো খুঁজে পেয়েছে, যেটা হয়ত একদিন আমাদেরকে সুপরিণত হওয়ার প্রক্রিয়া জানাতে পারে।
লিথিয়াম লবণ এর আগে অঙ্গের ব্যাথা এবং মাইগ্রেনের জন্য স্বাস্থ্য টনিক হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে লিথিয়াম মেজাজ ঠিক রাখার জন্য এবং স্মৃতিশক্তি নষ্ট হওয়ার ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে অতিমাত্রায় প্রয়োগে পার্শ্বপ্রতিক্রিয়ার উচ্চ আশঙ্কাও রয়েছে।
