বেইজবল খেলায় পরিধানযোগ্য প্রযুক্তি
খেলোয়াড়দের ইনজুরির কবল থেকে রক্ষা করতে বেইসবল খেলায় পরিধানযোগ্য প্রযুক্তি ব্যবহার করার অনুমতি দিয়েছে স্পোর্টস নীতিনির্ধারক কমিটি। এই অনুমোদন অনুযায়ী বেইসবল খেলোয়াড়েরা ২টি ডিভাইস ব্যবহার করতে পারবে বলে জানানো হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, নতুন এই অনুমোদন অনুযায়ী 'দ্য মোটাস বেইসবল স্লিভ' নামের ডিভাইসটি খেলোয়াড়ের কনুইয়ের ক্লান্তি পরিমাপ করবে এবং 'জেফার বায়োহারনেস' তার হৃদপিণ্ড এবং শ্বাস-প্রশ্বাসের হার পরিমাপ করবে।
এই ডিভাইস দুটির তথ্য বিবেচনা করে খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হবে। এতে ইনজুরির ঝুঁকি কমবে বলে মনে করছে ওই কমিটি। তবে এই বিষয়টি নিয়ে এমএলবি বা খেলোয়াড়দের এসোসিয়েশন থেকে এখনো কোন ঘোষণা দেওয়া হয়নি।
এই প্রযুক্তির অনুমোদন দেওয়া হলেও এর সুরক্ষা এবং ব্যবহার নিয়ে সচেতন রয়েছে কমিটি। নতুন নিয়ম অনুসারে খেলা চলাকালীন সময় এই ডিভাইস থেকে কোন তথ্য সংগ্রহ করা যাবে না। এমনকি ডাগআউটে শুধু এমএলবি অনুমোদিত আইপ্যাড ব্যাতিত কোন ধরণের ব্লুটুথ প্রযুক্তি বা ইলেক্ট্রনিক পণ্য ব্যবহার করা যাবে না। ক্লাবগুলো এই তথ্যগুলো শুধু অভ্যন্তরীণ কাজে ব্যবহার করতে পারবে, কিন্তু বাণিজ্যিকভাবে সেগুলো প্রকাশ করতে পারবে না বলেও জানানো হয়।
এ ছাড়াও খেলোয়াড়েরা এই ডিভাইস ব্যবহার করবে কি-না সেটি তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। এমনকি এই তথ্যগুলো কারা ব্যবহার করতে পারবে সে ব্যাপারেও খেলোয়াড় নিজেই সিদ্ধান্ত নেবে।
গত বছরই স্লিভ ব্যবহারের জন্য সাময়িক অনুমোদন দিয়েছিল কমিটি। এই ডিভাইস দুটির পাশাপাশি খেলোয়াড়ের ব্যাটে দুটি সেস্নর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
