২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার জালিয়াতি বেড়েছে ২৭০ শতাংশ

ভুয়া ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে শত শত কোটি ডলার হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতরা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর এক তদন্তে এ তথ্য উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

এই সপ্তাহে এক সতর্কবার্তায় সারা বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে এফবিআই জানায়, "বিজনেস ইমেইল কম্প্রোমাইজ" নামের এসব জালিয়াতির ফলে ২০১৩ সালের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২,৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

এফবিআই-এর এ সতর্কবার্তায় বলা হয়, জালিয়াতরা বিভিন্ন প্রতিষ্ঠানের ইমেইল অ্যাকাউন্ট নকল করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের ধোঁকা দিতে প্রতিষ্ঠানের সিইও, কর্পোরেট আইনজীবী বা বিশ্বস্ত সরবরাহকারীর নামে ভুয়া মানি-ট্রান্সফার রিকোয়েস্ট পাঠিয়ে থাকে।

সতর্কবার্তায় বলা হয়, "অর্থের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে তারা খোঁজখবর করে এবং যে প্রতিষ্ঠানে তারা আক্রমণ চালাতে যাচ্ছে তার নির্দিষ্ট ভাষা ব্যবহার করে, এরপর তারা আপাততদৃষ্টিতে সন্দেহাতীত পরিমাণ ডলার ট্রান্সফারের জন্য ভুয়া রিকোয়েস্ট পাঠায়।"

এ ক্ষেত্রে তারা প্রায়ই বিদেশী সরবরাহকারীদের সঙ্গে কাজ করে এমন এবং নিয়মিত তারে অর্থ ট্রান্সফার করে এমন প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালায় বলে এ সতর্কবার্তায় জানায় এফবিআই।

অস্ট্রিয়ান এয়ারক্রাফট পার্টস এফএসিসি এমন একটি জালিয়াতির ঘটনার শিকার হয়ে সাড়ে ৫ কোটি ডলার হারানোর খবর জানুয়ারিতে জানায়। এফবিআই-এর ফিনিক্স ব্যুরো-এর ওয়েবসাইটে প্রকাশিত এ সতর্কবার্তায় বলা হয়, এ ধরনের ঘটনা সারা বিশ্বের কমপক্ষে ৭৯টি দেশের ১৭,৬৪২টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জানা গেছে।

আইন প্রয়োগকারী সংস্থা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বিজনেস ইমেইল কম্প্রোমাইজ সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিলেও ক্ষয়ক্ষতির মাত্রা পূর্ববর্তীতে প্রকাশ করা হয়নি বলে জানায় রয়টার্স।

এ ক্ষেত্রে বাড়তি লাভের আশায় অপরাধীরা এ ধরনের জালিয়াতির দিকে ঝুঁকে পড়তে পারে এবং এর ফলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে-এমন সম্ভাবনা দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ম্যানহাটন-এর প্রাক্তন ফেডারেল আইনজীবী টম ব্রাউন বলেন, "এটি কম ঝুঁকিতে উচ্চ লাভজনক অপরাধ। পরিস্থিতির উন্নতি ঘটার আগে এর আরও অবনতি ঘটতে যাচ্ছে।"

২০১৫ সালের জানুয়ারি থেকে এসব জালিয়াতির শিকার ও ক্ষয়ক্ষতির পরিমাণে ২৭০ শতাংশ বৃদ্ধির খবর সোমবারের সতর্কবার্তায় জানায় এফবিআই।

বর্তমানে বার্কলি রিসার্চ গ্রুপ-এর সঙ্গে সাইবার তদন্তের কাজে নিযুক্ত ব্রাউন বলেন, ইমেইল অ্যাকাউন্টে এমন অনধিকার প্রবেশের ঘটনায় সম্ভাব্য ফলাফল অনেকক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে আক্রমণের শিকার প্রতিষ্ঠানের দৃষ্টিগোচর হয় না।

তিনি বলেন, "এতেই বোঝা যায় যে এমনকি একটি ইমেল অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা যথেষ্ট আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।"