এবার পণ্য সরবরাহ করবে রোবট
প্রতিষ্ঠানের কর্মীদের সাহায্য করতে নতুন রোবট নিয়ে পরীক্ষা চালাচ্ছে জার্মানির কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান “ডয়শে পোস্ট”। প্রতিষ্ঠানটির একজন ব্যবস্থাপক জানিয়েছেন, এই রোবট তাদের কর্মীদের ক্রমবর্ধমান পার্সেল এবং সরবরাহ কাজ সামলাতে সাহায্য করবে।
জার্মানদের অ্যামাজন এবং জালান্ডোর মতো অনলাইন স্টোর থেকে পণ্য কেনার পরিমাণ বেড়ে যাওয়ায় জার্মানিতে “ডয়শে পোস্ট” সরবরাহ করার সংখ্যাও দিনদিন বেড়েই চলেছে।
রয়টার্স কে দেওয়া এক স্বাক্ষাতকারে প্রতিষ্ঠানটির পার্সেল ও ডাক বিভাগের প্রধান ক্লেমেন্স বেকম্যান বলেন, "আগামী চার-পাঁচ বছরের মধ্যেই রোবটের মাধ্যমে সরবরাহ করা সম্ভব হবে।"
এই রোবটগুলো দেখতে টেবিলের মত যাতে চাকা লাগানো আছে। এর উপর পণ্য রাখা যাবে। রোবটগুলো কর্মীদের অনুসরণ করবে এবং ভারী পার্সেল বহন করে তাদের সাহায্য করবে। কর্মীরা থেমে গেলে রোবটও থেমে যাবে, তারা চলতে শুরু করলে রোবটও চলা শুরু করবে।
ডয়শে পোস্ট ইতোমধ্যেই তাদের গুদামে রোবটটির পরীক্ষামূলক চালনা শুরু করেছে। এ ছাড়াও রোবটটিকে ভ্রাম্যমান সংগ্রহকেন্দ্র হিসেবে ব্যবহার করার ইচ্ছার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে রোবট গ্রাহকদের কাছে গিয়ে পার্সেল এবং ডাক সংগ্রহ করবে। তবে কিছু আইনের কারণে এটি অনেক সময়সাপেক্ষ ব্যাপার হবে বলেও জানানো হয়।
ডয়শে পোস্ট অন্যন্য ক্ষেত্রেও রোবট প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। গুদামঘরের চলমান তাক, চীনে ড্রোনের দ্বারা মূল্যবান পণ্যের উপর নজর রাখা এবং বড় গুদামঘরে মজুদ পণ্যের হিসাব রাখার মত বিষয়গুলোতে রোবট ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানের ৮০ শতাংশ সরবরাহের কাজই হাতে করা হয় বলে জানানো হয়।
মানুষ ও রোবট একসঙ্গে কাজ করার এ সরবরাহ পদ্ধতি শীঘ্রই স্বাভাবিক হবে এবং পণ্যের দ্রুত ও দক্ষ প্রক্রিয়াকরণে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছে ডয়শে পোস্ট।
