তালিবান অ্যাপ অ্যামাজনে!
জঙ্গী সংগঠন তালিবানদের তৈরি অ্যাপ, যেটি গুগল তাদের অ্যাপস্টোরে নিষিদ্ধ করে দিয়েছিলো, সেটি পাওয়া গেছে অ্যামাজনে। ‘ভয়েস অফ জিহাদ’ নামের ওই অ্যাপটি তালিবানদের সর্বশেষ খবরাখবর, ভিডিও ইত্যাদি জানাতে ব্যবহৃত হয়, জানিয়েছে সিএনএন। অ্যামাজন অবশ্য বৃহস্পতিবার অ্যাপটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে।
অ্যামাজন তাদের একটি বিবৃতিতে জানায়, “অ্যামাজন অ্যাপস্টোরের সব অ্যাপকে অবশ্যই আমাদের কনটেন্ট গাইডলাইন মেনে চলতে হবে এবং যে অ্যাপটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি আমাদের স্টোরে এখন আর পাওয়া যাচ্ছে না।”
অ্যামাজনে থাকা অ্যাপটি ইংরেজি সংস্করণের ছিলো। সোমবার গুগল তাদের প্লে স্টোর থেকে অ্যাপটির একটি পশতু সংস্করণ সরিয়ে নেয়।
অ্যামাজনের অ্যাপ স্টোরটি ব্যবহারকারীকে বিকল্প পথে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার সুযোগ দেয়। যদিও গুগল প্লে স্টোর এবং অ্যামাজন অ্যাপ স্টোরের বেশিরভাগ অ্যাপই প্রায় একই রকম, কিন্তু প্লে স্টোরে নিষিদ্ধ হয়েছে এমন কিছু অ্যাপও অ্যামাজনে পাওয়া যায়। অ্যামাজন ‘ভয়েস অফ জিহাদ’ অ্যাপটি তালিবান তাদের টুইটারে উন্মুক্ত করে দেয়। এখান থেকে সহজেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন। অনলাইনে জিহাদিদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত ওয়েবসাইট ‘সাইট ইনটেল গ্রুপ’ প্রথম তালিবানদের অ্যাপটি লক্ষ্য করে।
তালিবানসহ অন্যান্য জিহাদি সম্প্রদায়গুলো সফলভাবেই প্রোপাগান্ডা ছড়ানো ও কর্মী নিয়োগ করার জন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আসছে।
