২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্বচালিত গাড়ি পরীক্ষায় ভলভো

সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো জানিয়েছে, তারা চীনে প্রায় ১০০ স্বচালিত গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 12:16 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গাড়িচালকরা 'প্রতিদিনের পরিস্থিতিতে' রাস্তায় গাড়িগুলো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখবে।

৭ এপ্রিল চীনের রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠানে এই পদক্ষেপের ব্যাপারে ঘোষণা করা হয়, যদিও ওই পরীক্ষা শুরু করার সম্ভাব্য কোনো তারিখ এখনও বলা হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ভলভো এখন পরীক্ষা চালানোর জন্য সুবিধাজনক শহর বাছাই করছে।

ভলভো প্রধান হাকান স্যামুয়েলসন বলেন, “স্বয়ংক্রিয় গাড়ি নিরাপদ রাস্তার জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। যত দ্রুত গাড়িগুলো রাস্তায় নামবে, তত দ্রুতই জীবনের নিরাপত্তা আসবে।”

অ্যাস্টন বিজনেস স্কুল-এর অধ্যাপক ডেভিড বেইলি বিবিসিকে বলেন, “আমার মনে হয়, মানুষ সম্ভবত পুরোপুরি বুঝছে না যে চীন গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে কী পরিমান প্রচেষ্টা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “আমার পাওয়া তথ্য অনুযায়ী গুগল তাদের থেকে অনেক কম সংখ্যক স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে পরীক্ষা চালাচ্ছে, যে কারণে বিষয়টি গুরুতপূর্ণ।” অধ্যাপক বেইলি আরো জানান, চীন একইসঙ্গে গাড়ির সবচেয়ে বড় নির্মাতা এবং বিক্রয়ক্ষেত্র। ডিসেম্বরে চীনা টেক জায়ান্ট বাইডু নির্মিত একটি স্বয়ংক্রিয় গাড়ি সফলভাবে বেইজিংয়ের একটি সাধারণ রাস্তায় পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করে।

অন্যদিকে মার্কিন টেক জায়ান্ট গুগল তাদের স্বচালিত গাড়ির পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স শহরেও বিস্তৃত করার ঘোষণা করেছে। এর মাধ্যমে ফিনিক্স হতে যাচ্ছে চতুর্থ শহর, যেখানে গুগল স্বচালিত গাড়ির পরীক্ষা চালাবে। এ প্রসঙ্গে গুগল সেলফ-ড্রাইভিং কার প্রজেক্ট-এর ব্যবসায়িক কার্যক্রমের প্রধান জেনিফার হারুন রয়টার্সকে বলেন, “ফিনিক্সে স্বতন্ত্র্য বৈশিষ্টের মরুভূমি রয়েছে, যা আমাদের অত্যাধিক তাপ এবং ধূলার মধ্যে গাড়ির এবং সেন্সরের সক্ষমতা সম্পর্কে জানতে সাহায্য করবে।”

১৪ ফেব্রুয়ারিতে গুগলের একটি স্বচালিত গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে তাদের কার্যক্রমে একটু ছেদ পড়ে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।