২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ির গবেষণা কেন্দ্র খুলবে টয়োটা

স্বয়ংক্রিয় গাড়ির উন্নতির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং উপাদান বিজ্ঞানের গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান-এর অ্যান আরবর-এ তৃতীয় গবেষণা কেন্দ্র খুলবে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 12:12 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

ইতোমধ্যেই সিলিকন ভ্যালির প্রযুক্তি হাব-এ একটি গবেষণা কেন্দ্র রয়েছে প্রতিষ্ঠানটির। এই গবেষণা কেন্দ্রে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-এর সঙ্গে কাজ করছে টয়োটা। এ ছাড়াও ম্যাসাচুসেটস-এর কেমব্রিজে আরেকটি গবেষণা কেন্দ্র রয়েছে প্রতিষ্ঠানটির, যেখানে এমআইটি-এর সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর মিশিগান বিশ্ববিদ্যালয়েও তাদের পঞ্চাশ জন কর্মী থাকবে বলে জানিয়েছে রয়টার্স।

২০১৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, স্বচালিত গাড়ির গবেষণা ও উন্নয়নের জন্য সামনের পাঁচ বছরে তারা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে।

আরএন্ডডি বা গবেষণা ও উন্নয়ন খাতে টয়োটার এই বিনিয়োগ ইউরোপ, এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে। স্বয়ংক্রিয় গাড়ির বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেই এ খাতে টয়োটা নতুনভাবে বিনিয়োগের এই উদ্যোগ নিয়েছে। 

টয়োটা জানায়, অ্যান আরবর-এর গবেষণা কেন্দ্রটি মূলত পুরোপুরি স্বয়ংক্রিয় গাড়ি তৈরির উদ্দেশ্যেই বানানো হবে। পালো অল্টো ল্যাবে গবেষণায় মূলত টয়োটার 'গার্ডিয়ান অ্যাঞ্জেল' চালনার উপর মনোনিবেশ করা হবে। কিন্তু চালক সবসময় চাকার পেছনে নিযুক্ত থাকবে। কেমব্রিজ গবেষণা কেন্দ্রে সিমুলেশন এবং গভীর শিক্ষায় মনোনিবেশ করা হবে।

স্ট্যানফোর্ড এবং এমআইটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে তাদের ৩০টি প্রকল্প রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এটা তাদের গাড়ি নির্মাতা, সরবরাহকারী, প্রযুক্তিগত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে স্বচালিত প্রযুক্তির উন্নতিতে একত্রে কাজ করতে সাহায্য করবে।

টয়োটা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী গিল প্র্যাট ক্যালিফোর্নিয়ার স্যান হোসে’র জিপিউ সম্মেলনে এই পদক্ষেপের ঘোষণা দেন।