হুয়াওয়ে স্মার্টফোনে লাইকা ক্যামেরা
স্মার্টফোন ফটোগ্রাফিকে আরও একধাপ সামনে এগিয়ে নিতে নতুন ডুয়াল লেন্স পি৯ ফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্মার্টফোনে ডুয়াল লেন্স ক্যামেরা নতুন কিছু নয়, তবে এখানে নতুনত্ব এর লাইকা ক্যামেরা।
এ বছরের ফেব্রুয়ারিতে খ্যাতনামা জার্মান ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লাইকার সঙ্গে চুক্তি করে হুওয়াওয়ে। আর এই চুক্তিরই ফল পি৯-এর ডুয়াল লেন্স ক্যামেরা। নতুন এই ক্যমেরা ছবি তোলার পর তাতে পুনরায় ফোকাস করতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে এলজি জি৫-এ ডুয়াল লেন্স ক্যামেরা দেখা গিয়েছে। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ভিন্ন ভিন্ন দুটি ছবি তুলতে হয়। আর পি৯ ১২ মেগাপিক্সেল ডুয়াল লেন্স ক্যামেরা দুই লেন্স থেকেই ডেটা মিলিয়ে একটি ছবি তৈরি করে। এক্ষেত্রে একটি লেন্স লাল, সবুজ এবং নীল (আরজিবি) তথ্য ধারণ করে। আর অপরটি মনোক্রম ইমেইজ ডেটা সংগ্রহ করে থাকে। যা ফলে স্বল্প আলোতে ভালো কনট্রাস্ট এবং পারফরমেন্স দিতে পারে এটি। এ ছাড়াও এটি বড় অ্যাপারচার ব্যবহার করে ছবি তুলতে সক্ষম বলেও জানিয়েছে বিবিসি।
আর এই ডুয়াল লেন্স প্রযুক্তির কারণে ছবি তোলার পর তাতে পুনরায় ফোকাস করার সুবিধা পাওয়া যাবে। তবে শুধু স্থির ছবিতে রিফোকাস করা যাবে, ভিডিও তে নয়। এ ছাড়াও কম্পিউটারে ছবি এডিট করার সুবিধার্থে র’(RAW) ফরম্যাটে ছবি তোলা যাবে এই ফোনটিতে। এর আগে নকিয়া এবং এইচটিসি ফোনেও ডুয়াল লেন্স ক্যামেরা দেখা গেলেও তাদের প্রযুক্তি এবং তার ব্যবহার ছিল ভিন্ন।
ডুয়াল লেন্স ক্যমেরার পাশাপাশি ৫.২ ইঞ্চি ১০৮০ পিক্সেল এইচডি পর্দা ব্যবহার করা হয়েছে এতে। এছাড়াও প্রতিষ্ঠানের এআরএম ভিত্তিক নতুন কাইরিন ৯৫৫ প্রসেসরের এবং পেছনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে।
চলতি বছরের ১৬ এপ্রিল ফোনটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্টোরেজের উপর নির্ভর করে এর মূল্য ৫৯৯ থেকে ৬৪৯ ইউরো হবে বলেও জানানো হয়। এর পাশাপাশি সামান্য বড় ৫.৫ ইঞ্চি পর্দার পি৯ প্লাস উন্মোচন করে হুয়াওয়ে। যার দাম রাখা হয়েছে ৭৪৯ ইউরো।
