বাফটায় সেরা ফলআউট ফোর
বাফটা অ্যাওয়ার্ডস-এ এবার সেরা গেইম পদকে ভূষিত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গেইম নির্মাতা প্রতিষ্ঠান বেথেসডা-এর ‘ফলআউট ফোর’। সেরা ব্রিটিশ গেইম হিসেবে নির্বাচিত হয়েছে লন্ডনভিত্তিক রকস্টিডি স্টুডিওজ নির্মিত আরখাম সিরিজের চতুর্থ ও সর্বশেষ গেইম ‘ব্যাটম্যান: আরখাম নাইট’। এ ছাড়াও ব্রিটিশ ইন্ডি গেইমস ‘এভরিবডি'জ গন টু রাপচার’ এবং ‘হার স্টোরি’ দুটি গেইমই তিনটি করে পদক জিতেছে।
বিবিসি জানায়, অন্যান্য পদকের মধ্যে স্টোরি বিভাগে ডন্টনড এন্টারটেইনমেন্ট-এর ‘লাইফ ইজ স্ট্রেইঞ্জ’, আর্টিস্টিক অ্যাচিভমেন্ট বিভাগে মুন স্টুডিওজ-এর ‘ওরি অ্যান্ড দ্যা ব্লাইন্ড ফরেস্ট’, ফ্যামিলি গেইম, মাল্টিপ্লেয়ার ও স্পোর্ট গেইম বিভাগে সিওনিক্স-এর ‘রকেট লিগ’, গেইম ডিজাইন বিভাগে ফ্রমসফটওয়্যারস-এর ‘ব্লাডবর্ন’, অরিজিনাল প্রপার্টি বিভাগে সুপারম্যাসিভ গেইমস-এর ‘আনটিল ডন’, পার্সিস্টেন্ট গেইম বিভাগে ইন্ট্রোভার্সন সফটওয়্যার-এর ‘প্রিজন আর্কিটেক্ট’, ওয়ানস টু ওয়াচ বিভাগে মাইল্ড বিস্ট গেইমস-এর ‘সানডাউন’ এবং ইস্পোর্টস অডিয়েন্স অ্যাওয়ার্ড বিভাগে হাই-রেজ স্টুডিওজ-এর ‘স্মাইট’ পদক অর্জন করে।
ডুম, উলফেনস্টাইন থ্রিডি এবং কোয়েক-এর নির্মাতা জন কারম্যাক বাফটা অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান বাফটা ফেলোশিপ পদকে ভূষিত হন। তিনি বর্তমানে ফেইসবুক-এর ভার্চুয়াল রিয়েলিটি বিভাগে কর্মরত আছেন।
ফলআউট ফোর:
অ্যাকশননির্ভর রোল-প্লেয়িং গেইম ফলআউট ফোর নিউক্লিয়ার যুদ্ধের পর বস্টন শহরকে ঘিরে গড়ে ওঠা গল্পভিত্তিক। বিশাল ভার্চুয়াল ওয়ার্ল্ড, শত শত ঘন্টার গেইমপ্লে সম্বলিত অ্যাপোক্যালিপ্স পরবর্তী রেট্রো-ফিউচারিস্টিক এ গেইমের মাধ্যমে এই প্রথম বেথেসডা এই পদক জিতলো। তবে 'সেরা গেইম' ছাড়া আর কোনো বিভাগে পদক পায়নি এই প্রতিষ্ঠানটি। ফল আউট সিরিজ এর আগে ছয়বার মনোনীত হলেও এবারই প্রথম তারা এ পদক জিতলো।
প্রতিষ্ঠানটির ইউরোপিয়ান ম্যানেজিং ডিরেক্টর শন ব্রেনান এই পুরষ্কারকে পুরোপুরি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন। পদক পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “টড হাওয়ার্ড এবং বেথেসডা গেইম স্টুডিওজ এর পক্ষে এই পুরষ্কার গ্রহণ করতে পেরে আমি আসলেই সম্মানিত।”
বিশ্বের অন্যতম বৃহত্তম গেইমিং ফ্র্যাঞ্চাইজি ফলআউট-এর শুরুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “অসাধারণ সব গেইম বানাতে যে মাল্টিমিলিয়ন ডলার বাজেটের প্রয়োজন নেই, তার প্রচুর প্রমাণ দেখেছি আজ রাতে।”
এভরিবডি'জ গন টু রাপচার:
বাফটায় এবার সবচেয়ে বেশি সংখ্যক বিভাগে মনোনীত হওয়ার গৌরব অর্জন করে ‘এভরিবডি'জ গন টু রাপচার’। দশটি বিভাগের মধ্যে নয়টিতেই মনোনীত হওয়ার পর গেইম ইনোভেশন, মিউজিক ও পারফর্মার বিভাগে পদক অর্জন করে গেইমটি।
ধীরগতির গেইমটিতে কাল্পনিক শ্রপশায়ার গ্রামে ১৯৮০ সালে গ্রামবাসীদের আকস্মিক তিরোভাবের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাতে হয় প্লেয়ারকে।
গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান চাইনিজ গেইমস-এর সহপ্রতিষ্ঠাতা জেসিকা কুরি বিবিসিকে জানান, গেইমটিতে আলাদাভাবে ইংলিশ একটি ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা।
হার স্টোরি:
ব্রিটিশ ইন্ডি গেইম ‘হার স্টোরি’ এবার বাফটায় সেরা ডেবিউ গেইম, সেরা মোবাইল ও হ্যান্ডহেল্ড এবং গেইম ইনোভেশন-এ তিনটি বিভাগে পদক অর্জন করেছে। এই গেইমটিতে এক মহিলার পুলিশী জিজ্ঞাসাবাদের ভিডিও আর্কাইভের সাহায্যে একটি খুনের রহস্য সমাধান করতে হয় প্লেয়ারকে।
গেইমটির নির্মাতা স্যাম বার্লোউ জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই একজন অভিনেতার কর্মকাণ্ডকে কেন্দ্র করে "পরীক্ষামূলকভাবে" এর গ্রহণযোগ্যতা যাচাই করতে চেয়েছেন।
সানডাউন:
বাফটায় 'ওয়ানস টু ওয়াচ' বিভাগে পদক পেয়েছে লস অ্যাঞ্জেলসভিত্তিক প্রতিষ্ঠান মাইল্ড বিস্ট গেইমস-এর নতুন ধরনের স্টেলথ গেইম ‘সানডাউন’। এই গেইমের বিশেষত্ব হলো এতে আশপাশে কোনো আলোর উৎস না আসা পর্যন্ত চরিত্রগুলো পুরোপুরি অদৃশ্য থাকে। এতে বন্দুকের সাহায্যে গুলির পরিবর্তে আলোর ঝলকানি ছুঁড়ে দেওয়া হয়।
স্মাইট:
এএমডি ইস্পোর্টস অডিয়েন্স অ্যাওয়ার্ড বিভাগে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে হাই-রেজ স্টুডিওজ-এর ‘স্মাইট’। ব্যাটল অ্যারেনাভিত্তিক এই গেইমে প্লেয়াররা ৭১ জন গডের মধ্য থেকে যে কাউকেই নিয়ে খেলতে পারবেন।
বাফটা ফেলোশিপ পদক প্রাপ্তির পর জন করম্যাক বিবিসি-কে জানান, ২০১৭ সালের অনুষ্ঠানে ভার্চুয়াল রিয়েলিটি গেইমগুলোর দাপট দেখানোর ‘খুবই ভালো সম্ভাবনা রয়েছে’।
তিনি বলেন, "সবকিছু কেমন হতে যাচ্ছে সে বিষয়ে এ ধরনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানগুলো আভাস হিসেবে কাজ করবে। এই গেইমগুলো আরও কিছুদিন পর্যন্ত বাজারে রাজত্ব না করলেও মানুষের মধ্যে রোমাঞ্চিত আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে।”
