২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হচ্ছে বাণিজ্যিক ড্রোন

পণ্য পরিবহন বা ছবি তোলার মতো বাণিজ্যিক কাজে খুব শীঘ্রই ড্রোন ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) -এমন একটি সম্ভাবনার কথা জানিয়েছে সিএনএন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 11:37 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

এফএএ-এর শিল্প বিষয়ক বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল প্রস্তাবিত এ নিয়মগুলো উত্থাপন করে। এই প্যানেলে সদস্য হিসেবে ছিলেন ড্রোন ইন্ডাস্ট্রি, গুগলএক্স, থ্রিডি রোবটিক্স, ইনটেল, ডিজেআই, এয়ারলাইন ও রিয়েলটর প্রতিনিধিরা।

সিএনএন জানায়, নতুন নিয়মের অধীনে প্রস্তুতকারীদের ক্র্যাশ ও নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে প্রতিটি ড্রোনের দুর্ঘটনার সম্ভাবনা এক শতাংশের নিচে এমনটা প্রমাণ করতে হবে। এই পরীক্ষার বেশিরভাগ দায়িত্ব প্রস্তুতকারীদেরই বহন করতে হবে।

ড্রোন দুর্ঘটনার কারণে যে কোনো সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এই নিয়মগুলো চালু করা হচ্ছে। আধ পাউন্ডের বেশি থেকে শুরু করে ৫৫ পাউন্ড ওজনের ড্রোনের ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর হবে। এক্ষেত্রে মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনগুলোকে ২০ ফুট উচ্চতা বজায় রাখতে হবে, এবং প্রধানত উড্ডয়ন ও অবতরণের জন্য চারপাশ ১০ ফুট বাফার স্পেইস থাকতে হবে। তবে বেশি শক্তিশালী ড্রোনের ক্ষেত্রে আরও কিছু বাড়তি নিয়ম চালু হবে বলে জানিয়েছে সিএনএন।

যে কোনো উচ্চতা থেকেই পড়া ড্রোন মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তবে ২০ ফুট উচ্চতার এই নিয়মটি চালু করা হয়েছে যাতে নিয়ন্ত্রক এরই মধ্যে ড্রোনটিকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন।

থ্রিডি রোবটিক্স-এর সাধারণ পরামর্শক এবং এ প্যানেলের সহসভাপতি ন্যান্সি এগ্যান জানান, ড্রোনের পড়ে যাওয়াটা এখানে সবচেয়ে গুরুতর ঘটনা নয়, বরং 'চালু অবস্থায় পূর্ণ গতিই' সবচেয়ে গুরুতর হতে পারে।

প্রস্তাবিত নিয়মগুলো পর্যালোচনার পর এফএএ জনমতের জন্য তা খুলে দেবে। এরপর এফএএ-এর পক্ষ থেকে দাপ্তরিকভাবে এসব নিয়ম চালুর প্রস্তাবনা উত্থাপন করার কথা থাকলেও কোনো নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি। বাণিজ্যিক ড্রোনের ব্যবহারের ক্ষেত্রে উত্থাপিত এ প্রস্তাবনার সাথে ছোট আকারের ড্রোনের ক্ষেত্রে এফএএ-এর প্রস্তাবিত আলাদা এক ধরনের নিয়মের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সিএনএন।

বর্তমানে ড্রোনের সাথে সংশ্লিষ্টতা নেই এমন সাধারণ জনগণের মাথার ওপর দিয়ে ড্রোন চালানো নিষিদ্ধ। এই নিয়ম শিথিল করা হলে পণ্য পরিবহন ও ছবি তোলার জন্য ড্রোনের বাণিজ্যিক ব্যবহার সম্ভব হবে।