২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সবচেয়ে পাতলা ল্যাপটপ এইচপি’র

প্রযুক্তিবাজারে এবার সবচেয়ে পাতলা ল্যাপটপ নিয়ে এলো কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

সিএনএন জানায়, 'স্পেক্টর' নামে এই ল্যাপটপ ০.৪ ইঞ্চি পুরু এবং ওজনে এক কেজির সমান্য বেশি। সেই হিসেবে এটি অ্যাপলের ম্যাকবুক এয়ার-এর চেয়েও পাতলা ও হালকা।

স্পেক্টর-এ রয়েছে ইনটেল কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং প্রায় ১০ ঘন্টা ব্যাটারি লাইফ। মিউজিকপ্রেমীদের আকৃষ্ট করতে এইচপি  ব্যাং অ্যান্ড ওলফসেন-এর সিস্টেম এতে জুড়ে দিয়েছে।

স্বর্ণের গ্যাজেট বা অলংকারের মতো দেখতে ডিভাইস ব্যবহার করতে যারা ভালোবাসেন, তাদের আকৃষ্ট করতে এতে উজ্জ্বল তামাটে আবরণ দিয়েছে এইচপি। এক প্রোমো ভিডিওতে এই ল্যাপটপকে 'শৈল্পিক' হিসেবে অভিহিত করা হয়।

স্পেক্টর-এর দাম রাখা হয়েছে ১১৭০ ডলার। সিএনএন জানিয়েছে, বাজারের অন্যান্য উচ্চমানের ল্যাপটপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই স্পেক্টরের আবির্ভাব।

স্মার্টফোন ও টু-ইন-ওয়ান ট্যাবলেট-ল্যাপটপ ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদা এবং ব্যবহারকারীদের পিসি আপগ্রেড করার দিকে ঝোঁক কম থাকার কারণে  পিসি বাজারে চলতে থাকা মন্দায় স্পেক্টর এইচপি’র মোড় ঘুরিয়ে দিতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের শেষ তিন মাসে ল্যাপটপ বিক্রিতে ১১ শতাংশ এবং ডেস্কটপে ১৪ শতাংশ হ্রাসের খবর এইচপি-এর বরাতে জানায় সিএনএন।