২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগাগোড়া’ নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে তাদের সব ধরনের পরিসেবায় 'এন্ড-টু-এন্ড' এনক্রিপশন ব্যবহারের আবেদন করেছে মোবাইল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ শরফুদ্দিন রেজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 01:40 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

স্যান বার্নার্ডিনো ঘটনায় আইফোন আনলক নিয়ে অ্যাপল-এফবিআই দ্বন্দ্বের মাধ্যমে শুরু হওয়া নিরাপত্তা আর গোপনীয়তা নিয়ে চলমান বিতর্কের মাঝে ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবাদানকারী এই প্রতিষ্ঠান এমন ঘোষণা দিল।

'এন্ড-টু-এন্ড' এনক্রিপশন একটি অ্যালগরিদমের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি মেসেজ এনকোড করে, যেখানে শুধু প্রেরক এবং প্রাপক বার্তাগুলো আনলক করতে পারবেন।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ-এর পক্ষ থেকে বলা হয়, “ধারণাটি সাধারণ, যখন আপনি একটি বার্তা পাঠাবেন, শুধু ওই ব্যক্তি বা গ্রুপ চ্যাটাররাই বার্তাটি পড়তে পারবেন।”

“অন্য কেউ বার্তাটি দেখতে পারবে না, সাইবার অপরাধী, হ্যাকার, হয়রানিকারী, সরকার এমনকি আমাদের কেউও না। অর্থাৎ ব্যক্তিগত মাধ্যমে যোগাযোগ করতে ঠিক সামনা-সামনি কথাবার্তার মতো হোয়াটসঅ্যাপের ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশন সাহায্য করে।”

বর্তমানে বিশ্বব্যাপী শতকোটির বেশি লোক হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। আর এর  পূর্ণ এনক্রিপশনের জন্য অ্যাপ্লিকেশনের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে।

গুগল, ফেইসবুক এবং ইয়াহু ইমেইলের বার্তা রক্ষা করার জন্য 'কম' এনক্রিপশন ব্যবহার করা হয় বলে জানিয়েছে স্কাই নিউজ।  কিন্তু এক্ষেত্রে বার্তা স্ক্যান করার ক্ষমতা বজায় থাকে। অন্যদিকে, অ্যাপল তাদের ‘আই ম্যাসেজ’ সেবার জন্য ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশন ব্যবহার করে।

হোয়াটসঅ্যাপের পদ্ধতিতে একটি নিরাপত্তা কোড প্রদান করা হয়, যা প্রাপক ও প্রেরক তাদের বার্তা যাচাই করার জন্য ব্যবহার করতে পারেন। এ কারণে হোয়াটসঅ্যাপের এই নতুন ব্যবস্থা ভালোই নিরাপদ বলে মত দিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ।