২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামা পেপার্স: অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের সহায়তা

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা পানামার একটি ল’ ফার্মের এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হওয়ার ঘটনায় সহায়তা করেছে অস্ট্রেলিয়ার এক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সফটওয়্যার।  ‘পানামা পেপার্স’ নামের ইতিহাসে মনে রাখার মতো তথ্য ফাঁস করার এই ঘটনায় পাহাড় সমান তথ্য ফাঁসে সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে কাজ করেছে অস্ট্রেলিয়ান এই সফটওয়্যার প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 12:40 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

পানামা'র ল ফার্ম মোস্যাক ফনসেকা থেকে ফাঁস করা লাখ লাখ তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজতে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-কে নিজেদের 'ডকুমেন্ট অ্যানালাইসিস প্রোগ্রাম' দান করেছে সিডনিভিত্তিক প্রতিষ্ঠান নুইক্স প্রোপাইটারি লিমিটেড।

এই পানামা পেপার্স-এ পাওয়া গেছে প্রায় ২.৬ টেরাবাইট ডেটা, যার মধ্যে আছে ইমেইল, ছবি, পিডিএফ এবং অন্যান্য ডকুমেন্ট। বিশ্বের 'রাঘব-বোয়াল' রাজনীতিবিদ এবং জনপ্রিয় মানুষেরা কীভাবে তাদের অর্থ ব্যবস্থাপনাকে 'অফশোর' প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এর মাধ্যমে।

নুইক্স-এর ভাইস প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা বান্টিং রয়টার্সকে বলেন, "আমরা তাই করতে সাহায্য করেছি, যা আইসিআইজে-কে করতে কয়েক মাস বা কয়েক বছর লেগে যেত।"

এই সফটওয়্যারটি ব্যবহার করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান আইসিআইজে সহজেই পুরনো ডেটা, ডকুমেন্ট খুঁজে বের করতে সমর্থ হয়েছে।

বিশ্বের যেসব প্রতিষ্ঠান গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত, পানামার এই মোস্যাক ফনসেকা তাদের অন্যতম।

গত ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটি তাদের ক্ষমতাশালী মক্কেলদের কীভাবে অর্থ পাচারে সহযোগিতা করেছে, নিষেধাজ্ঞা এড়ানোর এবং কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে, সেসব তথ্য পাওয়া যাচ্ছে এসব নথিতে।     

এই মক্কেলদের মধ্যে ৭২ জনের নাম এ পর্যন্ত পাওয়া গেছে, যারা কোনো না কোনো দেশের সাবেক বা বর্তমান সরকারপ্রধান। নিজেদের দেশে লুটপাট চালিয়ে টাকার কুমির হয়েছেন এমন কিছু স্বৈরশাসকের নামও তালিকায় রয়েছে।