ছবি ‘পড়ে শোনাবে’ ফেইসবুক
কেমন হতো, যদি দৃষ্টি প্রতিবন্ধীরাও অন্য সবার মতো ছবি দেখতে পেতেন? আর কল্পনা নয়, নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এটি বাস্তবে পরিণত করতে চলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ইন্টারনেট দিনকে দিন ছবি-প্রধান হয়ে ওঠার কারণে দৃষ্টি প্রতিবন্ধীদের কথা ভেবে তাদের জন্য নতুন একটি ‘ব্যবস্থা’ উন্মুক্ত করছে ফেইসবুক। ফেইসবুক উদ্ভাবিত নতুন এই প্রযুক্তিটি ছবি ‘পড়তে’ পারে। অর্থাৎ, ছবিতে কী রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধীদের তা পড়ে শোনাবে এটি, জানিয়েছে বিবিসি।
প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে ইন্টারনেট। একসময় এটি পুরোপুরি লেখা-ভিত্তিক ছিলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই ছবি-ভিত্তিক হয়ে উঠছে ইন্টারনেট। আনুমানিক ১৮০ কোটি ছবি প্রতিদিন টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় আপলোড হয়। অনেক ধরনের আধুনিক প্রযুক্তি থাকলেও দৃষ্টি প্রতিবন্ধীদের ছবির ব্যাপারে জানার কোন কার্যকর পদ্ধতি ছিলো না। কিন্তু মঙ্গলবার উন্মুক্ত হওয়া ফেইসবুকের একটি নতুন সেবার মাধ্যমে সমস্যাটির একটি সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্ধ ব্যক্তিরা কম্পিউটার ব্যবহার করার জন্য সাধারণত স্ক্রিনরিডারস নামের জটিল ধরনের সফটঅয়ার ব্যবহার করে থাকেন। এগুলো স্ক্রিনের লেখাগুলোকে পড়ে শোনায় বা ব্রেইলে রূপান্তর করে, কিন্তু এগুলো ছবি ‘পড়তে’ পারে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফেইসবুকের সার্ভারগুলো ফেইসবুকে আপলোডকৃত ছবিগুলো বুঝতে পারে এবং সেগুলো এমনভাবে রূপান্তর করে, যেন স্ক্রিনরিডার সেটি বর্ননা করতে পারে। ফেইসবুক জানিয়েছে, তারা সফটওয়্যারটিকে প্রায় ৮০ ধরনের একইরকম বস্তু এবং কার্যকলাপ চেনার প্রশিক্ষণ দিয়েছে। সব ছবিতেই এটি বিকল্প পাঠ্যাংশ হিসাবে বর্ননা জুড়ে দেয়। এটি যতো বেশি সফটওয়্যার স্ক্যান করবে, ছবি বর্ননার ব্যাপারে এটি তত বেশি দক্ষ হয়ে উঠবে।
নতুন এই প্রযুক্তিটি যেসব বস্তু চিনতে পারে তা হলো:
- যানবাহন – গাড়ি, নৌকা, অ্যারোপ্লেন, বাইসাইকেল, ট্রেইন, রাস্তা, মোটরসাইকেল, বাস।
- প্রকৃতি – আউটডোর, পাহাড়, গাছ, তুষার, আকাশ, সাগর, পানি, সমুদ্র সৈকত, ঢেউ, সূর্য, ঘাস।
- খেলাধূলা – টেনিস, সাঁতার, স্টেডিয়াম, বাস্কেটবল, গলফ।
- খাবার – আইসক্রিম, সুশি, পিৎজা, মিষ্টান্ন, কফি।
- চেহারা – শিশু, চশমা, দাড়ি, হাসি, অলংকার, জুতা এবং সেলফি।
এই সাফল্যের পেছনের কারিগর হচ্ছেন ফেইসবুক ইঞ্জিনিয়ার ম্যাট কিং, যিনি রেটিনার আলোক-সংবেদী কোষ বিনষ্টকারী রোগ ‘রেটিনিটিস পিগমেন্টোসা’ তে ভোগার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। কিং বলেন, “ফেইসবুকে যা ঘটে, তার বেশিরভাগই দর্শন-সংক্রান্ত।” “এবং যে অন্ধ, তার মনে হতে পারে সে এই আলোচনার অংশই নয়, যেন সে এর বাইরে।” কিং এবং তার দল চিত্র-বিশ্লেষক এই প্রযুক্তিটি ফেইসবুকের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেই তৈরি করেছেন। কিং বলেন “আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি জায়গায় পৌঁছেছে, যেখানে আমরা কম্পিউটার দ্বারা অর্থপূর্ণভাবে চিত্র বর্ননা করার চেষ্টা করতেই পারি।” তিনি আরো বলেন, “এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু যারা এই আলোচনার অংশ হতে চায়, তাদের সবাইকে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে পৌঁছাতে এটি সাহায্য করছে।”
ব্যবস্থাটি বর্তমানে ছবিকে একদম মৌলিক কিছু কথার মাধ্যমে বর্ননা করে, যেমন: “এখানে দুইজন মানুষ রয়েছে এবং তারা হাসছে।”
গত মাসে টুইটার এমন একটি পদ্ধতি যোগ করে, যেটি ছবির সঙ্গে ব্যবহারকারীর নিজস্ব বর্ননাকারী লেখা জুড়ে দেয়। বর্ননা তুলনামূলক ভালো হলেও কাজটা এখানে ব্যবহারকারীর করতে হয়, যেখানে ফেইসবুকে কাজটা স্বয়ংক্রিয়ভাবেই হয়। কিং এবং ফেইসবুক তাদের ডেটাবেইজ থেকে ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে ছবির বর্ননায় তাদের নাম জুড়ে দেওয়ার চিন্তা করলেও নিরাপত্তার প্রশ্ন ওঠায় তা হয়ে উঠছে না।
কিং এর আদর্শ বলে, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরও অনলাইনে থাকা বিষয়াদির জানার প্রতি সমান অধিকার থাকা উচিৎ। দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছবিতে কী আছে তা দেখতে পায় এবং দৃষ্টি প্রতিবন্ধীদেরও একই সুযোগ থাকা উচিৎ বলে তিনি বিশ্বাস করেন।
কিং বলেন, “আমার মনে হয় আমার তথ্যের প্রতি অধিকার রয়েছে। আমি সেই তথ্য জানতে চাচ্ছি, যা অন্যদের কাছে সাধারণভাবেই প্রকাশ পাচ্ছে। তাই ব্যাপারটি আমার কাছে যথেষ্ট ন্যায্য।”
ফেইসবুক অ্যাক্সেস্যাবিলিটি টিম এর প্রধান জেফ উইল্যান্ড জানান, ফেইসবুক বিভিন্ন সম্প্রদায়ের জন্য প্রবেশযোগ্যতা এবং উদ্ভাবন কৌশল এর ক্ষেত্রে বিনিয়োগ করছে, যাতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সঙ্গে যুক্ত হতে পারে।
