শুরু হলো প্রযুক্তির ‘উদ্ভাবনী’ লড়াই
দৈনন্দিন বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত ‘উদ্ভাবনী’ সমাধান খুঁজতে সারাদেশের প্রায় এক হাজার ৫০০ প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, অ্যাপ নির্মাতার অংশগ্রহণে শুরু হেয়েছে জাতীয় হ্যাকাথন প্রতিযোগিতা।
বুধবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) কনভেনশন হলে ৩৬ ঘণ্টার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘জাতীয় হ্যাকাথন-২০১৬’ শিরোনামে আয়োজিত প্রযুক্তির এই আসর দ্বিতীয়বারের মতো আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই আয়োজন শেষ হবে ৭ এপ্রিল।
প্রতিযোগিতার উদ্বোধন করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আশা করছি উদ্ভাবনের এই ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে এমন কিছু উদ্ভাবনী প্রোডাক্ট আসবে যা পুরো বিশ্ব জয় করবে। ৩৬ ঘণ্টার এই প্রতিযোগিতায় আগামীদিনের জন্য সলিউশন পাব, যা ভবিষ্যতে আরও বড় আকারে বিশ্বের সামনে নিয়ে যেতে পারব।”
তথ্য প্রযুক্তির উন্নয়নে আইসিটি বিভাগের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা ‘ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি’ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই একাডেমিতে আইডিয়া জমা দিলে তা রিসার্চ ও ডেভলপমেন্টের জন্য সহযোগিতা করা হবে।”
“‘ওয়ান থাউজেন্ট প্রোডাক্ট বাই ২০২১’ নামে আরেকটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, আপাতত সেখানে এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যে কোনো উদ্ভাবনী প্রোডাক্ট আইসিটি বিভাগে জমা দেওয়ার পর বাছাইয়ে তা নির্বাচিত হলে সহযোগিতা দেওয়া হবে।”
অনুষ্ঠানে বাংলালিংকের এমডি এবং সিইও এরিক অস বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ায় আমাদের যে অঙ্গীকার তারই অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে এবং মেধাবীদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে বাংলালিংক এই মহৎ উদ্যোগের অংশীদার হয়েছে।
“এই অংশগ্রহণকারীরা দেশের ভবিষ্যৎ, তাদের প্রতিভা এবং নতুনত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশ সত্যিই ডিজিটাল প্রজন্মে পরিণত হতে সক্ষম হবে।”
বাংলালিংক প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নগদ অর্থ, বিভিন্ন ডিভাইস ও হ্যাকাথন চলাকালে নানা পুরস্কার দেবে।
বাংলালিংকের পক্ষ থেকে প্রত্যেক চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৫০ হাজার করে মোট পাঁচ লাখ টাকা এবং প্রথম রানারআপ প্রত্যেকের জন্য একটি করে ট্যাব।
ফেইসবুক দিচ্ছে ৮০ হাজার ডলার মূল্যমানের স্টার্টআপ সুবিধা এবং কিউবি পাঁচ মাসের ইন্টারনেট সুবিধাসহ দশ চ্যাম্পিয়ন দলকে দেবে মডেম।
এছাড়া সেরা উদ্ভাবনগুলো বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগ ভবিষ্যতে সরাসরি পৃষ্ঠপোষকতা দেবে।
এবারের হ্যাকাথনে কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দুর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বিরুদ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ ও দুর্নীতি- এই দশটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রতিবন্ধকতা প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করতে প্রোগ্রামিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নমুনা সমাধান তৈরি করবেন।
