স্বচালিত ট্রাকের পরিকল্পনায় ফোকসভাগেন
ভারী মালামালবাহী গাড়ির ‘অটোমেটেড কানেক্টিভিটি’ উন্নয়নে ২০২০ সালের মধ্যে নিজেদের ট্রাক বিভাগে অর্ধ শতকোটি ডলার খরচ করা হবে বলে জানিয়েছে জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেন।
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক ইভেন্টে প্রতিষ্ঠানটির ট্রাক বিভাগ 'ম্যান', 'ট্রাক প্লাটুনিং'-এর সম্ভাবনা প্রদর্শন করেছে। এই 'ট্রাক প্লাটুনিং' এর মানে হচ্ছে, একটি মানবচালিত ট্রাক-কে অনেকগুলো আধা-স্বচালিত ট্রাক অনুসরণ করে চলবে।
স্বচালিত ভারী মালবাহী গাড়ি বানানোর ক্ষেত্রে ট্রাক নির্মাতাদের প্রচেষ্টায় ফোকসভাগেন-এর প্রতিদ্বন্দ্বী ডাইমলার এগিয়ে আছে। চালানোর নিরাপত্তা আর জ্বালানী সাশ্রয়ের দিক থেকে প্রতিষ্ঠানটি ভালো উন্নতি করেছে বলে জানিয়েছে রয়টার্স।
২০১৫ সালের সেপ্টেম্বরে কার্বন নিঃসরণ কেলেঙ্কারী ফাঁস হওয়ার আগে ট্রাক নির্মাণ বিভাগের কাজের পরিসর বাড়াতে শুরু করে ফোকসভাগেন। এই কেলেঙ্কারী ঢেকে নিজেদের আবার আগের অবস্থানে নিয়ে আসার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় ফিচার আর নতুন যান প্রযুক্তি নিয়ে কাজ করছে।
ম্যান জানিয়েছে, প্লাটুনিং ডিজেল খরচ আর রাস্তায় মালবাহী গাড়ির কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করবে। আর এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ ১০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে।
ফোকসভাগেন-এর ট্রাক অ্যান্ড বাস গ্রুপ জানিয়েছে, সামনের পাঁচ বছরে স্বয়ংক্রিয় ব্রেকের সঙ্গে অন-বোর্ড সেন্সরসহ অন্যান্য স্বয়ংক্রিয় ফিচারের উন্নয়নে কয়েকশ’ মিলিয়ন ইউরো অর্থ খরচ করা হবে।
মিউনিখ ইভেন্টে ফোকসভাগেন ট্রাক-এর প্রধান অ্যান্ড্রেস রেনস্কেলার বলেন, “ভবিষ্যতের ট্রাক পুরোপুরি সংযুক্ত হবে, যাতে নিরাপত্তা ও কার্যকারীতা দেওয়া হবে।” রেনস্কেলার আগে ডাইমলারে কর্মরত ছিলেন।
২০১৭ সালের মধ্যে নিজেদের খরচ কমিয়ে আনতে জার্মানি, অস্ট্রেলিয়া আর পোল্যান্ডে মূল ট্রাক বিভাগে ১ হাজার ৮শ' কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফোকসভাগেনের ট্রাক বিভাগ ‘ম্যান’।
