মাইক্রসফটের সঙ্গে চুক্তি বাড়াল টয়োটা
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট-এর সঙ্গে গাড়ি মালিক এবং বিক্রেতাদের জন্য ইন্টারনেটযুক্ত গাড়ি পরিসেবা সংক্রান্ত ৫ বছরের একটি চলমান অংশীদারিত্বের মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
রয়টার্স জানিয়েছে, টেক্সাসের প্লানোতে যুক্তরাষ্ট্র হেডকোয়ার্টারে তাদের বর্তমান যোগাযোগ ব্যবস্থাকে আরো দৃঢ় করার জন্য এবং প্রতিষ্ঠানটির ‘ডেটা সায়েন্স’ হাব হিসাবে কাজ করার জন্য ‘টয়োটা কানেক্টেড’ প্রতিষ্ঠা করেছে টয়োটা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বিক্রেতা এবং ভিন্ন দেশের ক্রেতাদের তথ্য বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ এবং অন্যান্য ডেটা সার্ভিসগুলো নিশ্চিত করার বিষয়টি আরো দৃঢ় হবে। এই উদ্যোগে মাইক্রোসফটের পাঁচ শতাংশ শেয়ার রয়েছে।
টয়োটা মোটর নর্থ আমেরিকা-এর প্রধান তথ্য কর্মকর্তা জ্যাক হিক্স বলেন, নতুন এই প্রতিষ্ঠান “জীবনকে আরো সহজ করে তুলবে”। তিনি 'টয়োটা কানেক্টেড'-এর প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
‘টয়োটা কানেক্টেড’-এর অধীনে যে সেবাগুলোর উন্নয়নে কাজ করা হবে, তার মধ্যে রয়েছে গাড়ি-মালিকদের চালানোর ধরনের উপর বীমার পরিব্যপ্তি এবং হার, যানবাহনকে পরস্পর সংযুক্তকারী নেটওয়ার্ক যেখানে ট্রাফিক ও আবহাওয়া অবস্থা ইত্যাদি তথ্য শেয়ার করার সম্ভব্যতা রয়েছে, এবং চালকের হার্টরেট ও গ্লুকোজ লেভেল সম্পর্কিত তথ্য প্রদান করা। নতুন তারহীন এই সেবাগুলো মাইক্রোসফটের ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্ম অ্যাজুর ব্যবহার করবে।
টয়োটা ২০১১ সালে মাইক্রোসফটের সঙ্গে প্রাথমিক অংশীদারিত্ব শুরু করে। ফোর্ড মোটর কর্পোরেশন এক বছর আগে মাইক্রোসফটের একই ধরনের একটি প্রোগ্রাম সামনে নিয়ে আসে। নিসান মোটর কর্পোরেশন এবং বিএমডাব্লিউ এজি বছরের শুরুতেই মাইক্রোসফটের অ্যাজুরভিত্তিক একাধিক সেবার ঘোষণা দিয়েছিলো।
আরো জানা যায়, নতুন প্রতিষ্ঠানটি রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং একই সঙ্গে স্বয়ংক্রিয় গাড়ি সংক্রান্ত টয়োটার চলমান প্রকল্পগুলোতে সহায়তা প্রদান করবে।
