২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর আসবে প্লেস্টেশন ৪.৫

চলতি বছর বের করা হতে পারে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি’র ‘প্লেস্টেশন ৪.৫’। অনেক দিন ধরেই এ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

এর সঙ্গে জড়িতদের বরাতে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন এই গেইমং কনসোল অনেকাংশে প্লেস্টেশন৪-এর মতোই হবে। কিন্তু এর ভেতরকার যন্ত্রাংশ উন্নত করা হবে, এর ফলে এই কনসোল দিয়ে ৪কে রেজিউলেশনে গেইম খেলা যাবে।

ঠিক কবে এই কনসোল বের করা হবে, তা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এটি অক্টোবরে প্লেস্টেশন ভিআর বের করার আগেই বের করা হতে পারে। চলতি বছর জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক গেইমিং সম্মেলন ই৩, এই সম্মেলনে নতুন এই কনসোল বের করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

চলতি বছরের শুরুতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্সের প্রধান ফিল স্পেনসার জানান, মার্চের শেষের দিকে মাইক্রোসফট তাদের কনসোল উন্নত করার পরিকল্পনা করছে। সম্ভবত তা হার্ডওয়্যার অ্যাড-অন এর মাধ্যমে হতে পারে, আর এর ফলে গেইমাররা এমন হার্ডওয়্যার অ্যাড-অন কিনে নিজেদের যন্ত্র সর্বাধুনিক করে রাখতে পারেন, সে সময় তিনি এমনটাই জানান ব্লে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। 

প্লেস্টেশনের গেইমাররা নিজেদের আপগ্রেড রাখতে চাইলে নতুন এই কনসোল কিনতে হবে, ওই মার্কিন দৈনিকের প্রতিবেদনে এমনটাই জানা যায়। প্লেস্টেশন ৪-এর গেইমগুলো নতুন সংস্করণে চলবে কিনা, তা নিয়ে হ্যা-না দুই ধরনের খবরই পাওয়া গেছে বলে দাবি ব্রিটিশ দৈনিকটির।

কিন্তু এই কনসোলের দাম নিয়েও কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি।