প্রস্তাবিত রিভেঞ্জ পর্ন আইন
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রক্রিয়াধীন খসড়া ‘রিভেঞ্জ পর্ন’ আইনের বিরোধিতা করেছে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (এমপিএএ)।
প্রস্তাবিত আইনে রিভেঞ্জ পর্ন বলতে বোঝানো হয়েছে- নগ্নতা বা এ সংশ্লিষ্ট ছবি ও ভিডিও যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সায় নেই।
এমপিএএ’র আপত্তিতে বলা হয়েছে এই আইনের ফলে অনেক গুরুত্বপূর্ণ খবরও প্রচার থেকে বাদ পরে যাবে।
এ দাবির পক্ষে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি আবু গারিব কারাগারে হত্যাকাণ্ডের শিকার এবং কারাবন্দীদের ছবির প্রসংগ উত্থাপন করেছে। এ ছবিগুলোতে নগ্নতা রয়েছে এবং তা সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- এমপিএএ’র দাবী হল, এ আইনটি শুধু ‘হয়রানির উদ্দেশ্যে’ প্রকাশিত ছবির ক্ষেত্রেই কার্যকর হবে তা নিশ্চিত করা হোক।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “এমপিপিএ সব ধরনের অনলাইন হয়রানির বিরোধী। আমরা এই আইনের লক্ষ্যগুলোর সাথে একমত হলেও....এর বর্তমান সংস্করণ এতোটাই ব্যাপকভাবে লেখা যে তা মূলধারার এবং সাংবিধানিকভাবে সুরক্ষিত বক্তব্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমরা আশংকা করছি।”
তবে এই প্রস্তাবনার সমর্থনকারীরা এই আইনকে 'স্বাভাবিকভাবে বৈধ' বলে দাবি করেছেন।
রিভেঞ্জ পর্ন নিষিদ্ধ করার পক্ষে প্রচারণাকারী প্রতিষ্ঠান সাইবার সিভিল রাইটস ইনিশিয়েটিভ জানায়, এ আইন আলাদাভাবে ‘হয়রানির উদ্দেশ্যে’ প্রকাশিত বিষয়ের ক্ষেত্রে করা হলে তা ‘অসংলগ্ন’ হয়ে পড়তে পারে।
এমপিএএ-এর বক্তব্যের জবাবে প্রতিষ্ঠানটি জানায়, “এর ফলে সন্দাতীতভাবে হয়রানির উদ্দেশ্য প্রমাণিত হওয়ার আগে যে কেউ ব্যক্তিগত এবং যৌনতাপূর্ণ বিষয় ছড়িয়ে দিতে পারেন।”
এ ছাড়াও এ ধরনের বিষয়বস্তু প্রকাশে দায়ী ব্যক্তির উদ্দেশ্যের সাথে এর সংবাদে প্রকাশের যোগ্যতা বা তা জাতীয় উদ্বেগের বিষয় কিনা তার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করে প্রতিষ্ঠানটি।
বিবিসি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশ এবং আরও কয়েকটি দেশ এই আইন চালু করেছে, তবে এ বিষয়ে সমগ্র যুক্তরাষ্ট্রব্যাপী কোনো কেন্দ্রীয় আইন নেই।
এই আইন পাশ হলে তা ১ অগাস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।
