২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতকোটিতম আইফোনের পথে অ্যাপল

চলতি বছরের মাঝামাঝি সময়েই নিজেদের শতকোটিতম আইফোন বিক্রি করতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

২০০৭ সালের ২৯ জুন বাজারে আসার পর থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত ৮৯.৬ কোটি আইফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ওয়াল স্ট্রিট-এর বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী অনুযায়ী, এ হারে চলতে থাকলে এ বছরের জুলাইয়েই শতকোটিতম আইফোন বিক্রি করবে অ্যাপল।

২৫ এপ্রিল ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এ বছরের প্রথম তিন মাসে ৫ কোটি আইফোন বিক্রির ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। এতে এ পর্যন্ত বিক্রিত আইফোনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৪.৬ কোটিতে।

বাজারে নতুন আসা আইফোন এসই-এর বিক্রি আশানুরূপ হলে অ্যাপলের পক্ষে জুলাইয়ের আগেই এ লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব বলে জানায় সিএনএন।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে শতকোটিতম আইওএস গ্যাজেট বিক্রি করে অ্যাপল। এর মধ্যে ছিলো আইফোন, আইপ্যাড এবং আইপড টাচ। তবে নির্দিষ্ট একটি পণ্য বিক্রির ক্ষেত্রে আলাদাভাবে এ অংকে পৌঁছানো অবশ্যই বিশেষ একটি অর্জন।

সিএনএন জানায়, এরই মধ্যে আইফোনের বিক্রি ১৯৯৩ থেকে এ পর্যন্ত ম্যাক, আইপ্যাড ও আইপডের মোট বিক্রিকে ছাড়িয়ে গেছে। শুধু গত বছরই আইফোন বিক্রি থেকে অ্যাপলের সাড়ে ১৫ কোটি ডলার আয় হয়েছে।

বাজারে ছাড়ার নয় বছরের মধ্যে এ পর্যন্ত অ্যাপলের বিক্রীত আইফোনের অর্ধেক সংখ্যকই বিক্রি হয়েছে গত দুই বছরে। এই হারে প্রতিষ্ঠানটি ২০২০ সালেই দ্বিশতকোটিতম আইফোন বিক্রি করবে।