এক টাকায় কম্পিউটার সুরক্ষা
বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য প্রতিদিন মাত্র ১ টাকায় ইন্টারনেট সুরক্ষা পাওয়া যাবে, এমন এক পদক্ষেপ গ্রহণ করেছে রোমানিয়াভিত্তিক পিসি নিরাপত্তা নির্মাতা ও অ্যান্টিভাইরাস প্রযুক্তির অন্যতম উদ্ভাবক প্রতিষ্ঠান বিটডিফেন্ডার।
নতুন এই কর্মসূচির স্লোগান হচ্ছে- “বাংলাদেশের প্রতিটি পিসি’র জন্য ইন্টারনেট সিকিউরিটি”।
সম্প্রতি শিক্ষার্থীদের জন্য একই ধারণাপ্রসূত পাইলট প্রজেক্টের উপর ভিত্তি করে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাইলট প্রজেক্টের সফলতা এবং নতুন প্রজন্মের কাছে এটি 'খুবই গ্রহণযোগ্য' হওয়ায় বিটডিফেন্ডার এখন একই ধরনের প্রকল্প দেশব্যাপী সব কম্পিউটার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন বিটফোল্ডার বাংলাদেশের অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স প্রধান মো. সালিম সারওয়ার।
এ ব্যাপারে বাংলাদেশে বিটডিফেন্ডার পরিবেশনার হেড অফ বিজনেস অপারেশনস অভিজিত কে. কুন্ডু বলেন, সাধারণত ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার কারণে বৈধ সফটওয়্যার এড়িয়ে যাওয়া হয়। আর ফ্রি অ্যান্টিভাইরাসে প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য থাকে না বিধায় সেগুলো কাঙ্ক্ষিত নিরাপত্তা দিতে পারে না। অন্যদিকে নকল সংস্করণগুলো সাধারণভাবে কাজ করে না।”
অজিত বলেন, “সাম্প্রতিক সময়ে ছাত্র-ছাত্রীদের নিকট অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে অ্যান্টিভাইরাস পৌঁছে দেওয়ার একটি সফলতার দৃষ্টান্ত আমাদের রয়েছে। তাই আমরা উন্নতমানের নিরাপত্তা সফটওয়্যার- বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগ এখন সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি।”
এপ্রিল ২০১৬ থেকে সিঙ্গল ইউজার বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি এক বছরের জন্য মাত্র ৩৬৫ টাকায় পাওয়া যাবে।
