দেশে আইটি প্রশিক্ষণে পিপলএনটেক
“বাংলাদেশ থেকে যখন কেউ আমেরিকায় কাজের জন্য যায়, অধিকাংশ ক্ষেত্রেই উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও তাদের-কে বিভিন্ন 'অডজব' করতে হয়। আর একটু উপরের বা মধ্যম লেভেলের কাজগুলো তাদের না পাওয়ার মূল কারণ হচ্ছে- আইট জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকা”- কথাগুলো বলছিলেন আইটি প্রশিক্ষণ সেবাদাতা প্রতিষ্ঠান পিপলএনটেক-এর প্রধান আবু হানিপ।
এই পিছিয়ে পড়া বাংলাদেশিদের যাতে আর এ ধরনের কাজ করতে না হয়, সেজন্য তাদের যথাযথ আইটি প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে পিপলসএনটেক নামের এই প্রতিষ্ঠান চালু করেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেও যাতে বাংলাদেশীরা এ ধরনের প্রশিক্ষণ নিতে পারেন, তাই ২০১৫ সালের ২৪ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান।
‘অডজব’ বলতে আপনি কী বুঝাচ্ছেন? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এমন প্রশ্নের সম্মুখীন হন তিনি। জবাবে জানান, ‘অডজব’ হচ্ছে বাংলাদেশে যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ ভালোমানের কাজ করতে পারতেন, সেই যোগ্যতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তারা সাধারণত সেই মানের কাজ পান না, এর চেয়ে নিচু মানের কাজ করতে হয় তাদের, একেই তিনি 'অডজব' হিসাবে দেখছেন। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সেদেশের ভালো মানের কাজগুলোও বাংলাদেশীরা পেতে পারেন বলে মনে করেন তিনি।
নিজেদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তাদের কোর্স চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ এক বছর পরীক্ষামূলকভাবে তাদের কোর্স চালানো হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে ইউল্যাব ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র (চুয়েট) সঙ্গে প্রতিষ্ঠানটি স্মারক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানান হানিপ।
কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়েই তো এখন এই ধরনের কোর্স করানো হচ্ছে, তাহলে কেন আপনাদের কোর্স? প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়গুলো ইচ্ছা করলেই, যে কোনো সময় কোর্স কারিকুলাম পরিবর্তন করতে পারে না। অপরদিকে, আমরা প্রতিনিয়তই বাজারের চাহিদা অনুসারে, কোর্স কারিকুলাম পরিবর্তন করে তার উপর যোগ্য করে তুলি যাতে করে চাকুরীতে যোগদানের প্রথম দিন থেকেই দক্ষ লোকের মতোই ছাত্রছাত্রীরা অনায়াসেই কাজ করতে পারে। এভাবেই আমেরিকাতে আমরা প্রায় চার হাজার বাংলাদেশীকে চাকরি দিয়েছি, যারা বছরে ৮০ থেকে ১ লাখ ৬০ হাজার ডলার আয় করছে", যোগ করেন তিনি।
“আমার জানা মতে, বাংলাদেশের প্রায় সব বড় বিশ্ববিদ্যালয়েই এসব কোর্স করানো হচ্ছে, আর এখন বাংলাদেশে আইটি বিষয়ে পারদর্শী শিক্ষকেরও অভাব নেই, তাহলে আপনাদেরটা কেন?”- পাল্টা এমন প্রশ্নে তিনি বলেন-- "বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে পড়ানো হয়, তার কারিকুলামটা একাডেমিক। কিন্তু আমরা '১০০ পারসেন্ট রিয়াল লাইফ' ও 'প্রজেক্ট ওরিয়েন্টেড' উপায়ে প্রশিক্ষণ দেব, যাতে প্রশিক্ষণ নেওয়ার সময়ই তারা পেশাগত কাজের জন্য নিজেদের তৈরি করে নিতে পারেন", উত্তর দেন তিনি।
কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যদি মনে করে এটা প্রয়োজন, তাহলে তারা কেন নিজেরা এই উপায় অবলম্বন করবে না? কেন তারা পিপলএনটেক-এর শরণাপন্ন হবে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি চান বাংলাদেশী শিক্ষার্থীদের এমন যোগ্যতা সম্পন্ন করতে, এখানে তার ব্যবসার ইচ্ছাটা আসল নয়। যদি কোনো বিশ্ববিদ্যালয় এমনটা করে, তবে তিনি তার সাধুবাদ জানাবেন বলেই জানান।
এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে গেলে নূন্যতম কী যোগ্যতা লাগবে? যুক্তরাষ্ট্রে এই ক্ষেত্রে কোনো সীমা বেঁধে দেওয়া না হলেও, বাংলাদেশের ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা স্নাতক বলে জানান তিনি। তবে, তা একদম যে ধরা বাঁধা রাখা হচ্ছে এমনটা নয়। এই সীমা পূরণ না হলেও, কেউ যদি আগ্রহী হন, তবে তাদেরকে নেওয়ার জন্যও বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।
নিজেদের প্রশিক্ষণ কোর্সগুলোতে দরিদ্র ও মেধাবীদের জন্য স্কলারশিপ ও এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, প্রতিষ্ঠানের পক্ষ থেকেই চাকরী দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে তিনি।
