২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রি-অর্ডার ঝড়’ তুলল টেসলার নতুন গাড়ি

টেসলা-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, টেসলা'র বৈদ্যুতিক গাড়ির বহুল প্রতীক্ষিত মডেল ৩-এর প্রি-অর্ডারের সংখ্যা ২,৭৬,০০০ ছুঁয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 09:01 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান বৃহস্পতিবার তাদের সবচেয়ে কম মূল্যের এই ৫ আসনের গাড়িটির ঘোষণা দেয়। শনিবার পর্যন্ত জমা হওয়া অর্ডারগুলো সম্পর্কে মাস্ক এমন টুইট করেন বলে জানিয়েছে বিবিসি।

অর্ডার করা গাড়িগুলো বিক্রি শুরু হবে ২০১৭ সালের শেষের দিকে। গাড়িটির প্রি-অর্ডার করা যাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ব্রাজিল, নিউ জিল্যান্ড, ভারত, চীনসহ  কয়েকটি দেশ থেকে। সম্ভাব্য ক্রেতাদের গাড়িটির জন্য অগ্রীম আবেদন করতে এক হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। গাড়িটি নিয়ে ক্রেতাদের বিপুল আগ্রহ দেখে মাস্ক টুইট করেন, প্রতিষ্ঠানটির “অবশ্যই উৎপাদন পরিকল্পনার ব্যাপারে নতুন করে চিন্তা করতে হবে।”

এর আগে মাস্ক জানিয়েছিলেন, পূর্ণমাত্রায় কাজ শুরু করার পরে তাদের গাড়ি উৎপাদনের লক্ষমাত্রা বছরে প্রায় ৫ লাখ। গাড়ির প্রাথমিক মডেলটির মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার থেকে শুরু হবে এবং প্রতিবার চার্জে অন্তত ৩৪৬ কিলোমিটার চলতে পারবে।

২০১৫ সালে টেসলা তাদের এস স্যালন মডেল বিক্রি করেছিল ৫০৫৮০ টি, যার ফলে মডেলটি নিসান-এর ‘লিফ’কে হটিয়ে 'পিওর-ইলেকট্রিক' গাড়ির মধ্যে বিক্রির শীর্ষে উঠে আসে। কিন্তু গাড়িটির গবেষণা এবং উন্নয়নের জন্য ৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার খরচ করায় এখনো প্রতিষ্ঠানটি ৮৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতির মধ্যে রয়েছে। যার ফলে টেসলার নগদ সঞ্চয় ২০১৫ সালের ১শ' ৯০ কোটি মার্কিন ডলার থেকে নেমে এসেছে ১শ' ২০ কোটি মার্কিন ডলারে।