২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলম্বতার ক্ষতিপূরণে অকুলাস

ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস তাদের অকুলাস রিফট হেডসেট পরিবহণের ক্ষেত্রে ‘অনাকাঙ্ক্ষিত উপাদান স্বল্পতা’র কারণে বেশ বড় ধরনের দেরির মুখোমুখি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

অকুলাস রিফট মার্চের ২৮ তারিখ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেলেও প্রি-অর্ডারকারী বেশিরভাগ ক্রেতাই এটি হাতে পাওয়ার ব্যাপারে এখনো অন্ধকারে রয়েছেন, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এই বিলম্বের ক্ষতিপূরণ হিসাবে সব ক্রেতার জন্যই পণ্যের পরিবহণ খরচ বহন করার কথা জানিয়েছে অকুলাস। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাইরের ক্রেতাদের জন্য অঙ্কটা ভালোই বড় হবে। কিছুদিন চুপ থাকার পর অকুলাস তাদের সব ক্রেতাকে মেইল করে জানায়, শনিবার থেকে করা সব অর্ডারের জন্য পরিবহণ খরচ মওকুফ করা হয়েছে। তারা আরও বলে, “আমরা দ্রুত পাঠানোর জন্য কঠোর পরিশ্রম করছি, এবং আপনারা ১২ এপ্রিল মঙ্গলবারের মধ্যেই পণ্য হাতে পাওয়ার আশা করতে পারেন।”

অকুলাস প্রধান ব্রেন্ডান ইরাইব টুইট করে জানান, প্রি-অর্ডারকারী সবার জন্য পরিবহণ খরচ মওকুফ করা হবে, এমনকি তারা সমস্যার সম্মুখীন না হলেও তারা এ সুবিধা পেতে যাচ্ছেন।

এই খবর প্রকাশের আগের সপ্তাহে সৃষ্টি হওয়া পরিবহণ সংক্রান্ত বিশৃঙ্খলা এবং জটিলতার পরে অবশেষে কিছু তথ্য পাওয়ায় ভিআর ভক্তদের দুঃশ্চিন্তার অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।