২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক, ইউটিউব বন্ধ উত্তর কোরিয়ায়

সরকারের নির্দেশে উত্তর কোরিয়ায় ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ অন্যান্য পশ্চিমা ওয়েবসাইটগুলো বন্ধ করা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

অনলাইনে তথ্যের বিস্তার বেড়ে যাওয়ার চিন্তায় সরকার দক্ষিণ কোরিয়ার কিছু ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

উত্তর কোরিয়ার প্রধান মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান কোরিয়লিঙ্ক-এর হোমপেইজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তটির ঘোষণা দেওয়া হয়। তবে, অধিকাংশেরই ইন্টারনেট প্রবেশাধিকার না থাকায় এই সিদ্ধান্তে উত্তর কোরিয়ার সর্বসাধারণের উপর খুব একটা প্রভাব পড়ছে না।

বড় পরিসরে ওয়েব ব্রাউজ করার চেয়ে, দেশটির নাগরিকরা সরকার অনুমোদিত সিল করা ইন্ট্রানেট ব্যবহার করতে পারেন। তবে, এক্ষেত্রে বিদেশীদের ইন্টারনেট ব্যবহারের উপর কোনো সীমাবদ্ধতা ছিল না, যদিও তাদের কার্যক্রমের উপর গোপনে নজরদারী করা হয় বলে ধারণা করা হয়।

নতুন এই বন্ধের কার্যক্রমে উত্তর কোরিয়ায় আগুন্তক এবং কিছু সংখ্যক বিদেশী বাসিন্দার জন্য বাইরের জগতের সঙ্গে সাম্প্রতিক সময়ের তথ্য আদান প্রদান করা কঠিন হয়ে যাবে।

ঘোষণায় আরও উল্লেখ করা হয়, যদি কেউ বন্ধ করা সাইটগুলোয় অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টা করে বা সাইটগুলো ব্যবহার করতে কোনো প্রজাতন্ত্র বিরোধী তথ্য বিতরণ করে, তবে তাদের শাস্তি প্রদান করা হবে। যদিও শাস্তির ধরন উল্লেখ করা হয়নি।

উত্তর কোরিয়ায় প্রথম ইন্টারনেট উন্মুক্ত করে দেওয়া হয় ২০১৩ সালে যখন বহিরাগতরা মোবাইলে ৩জি ব্যবহার করে আসছে। তখন থেকেই দেশের ভিতর থেকে মানুষ ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ব্যবহার এমনকি সরাসরি ভিডিও সম্প্রচারও করতে পারছিল।