‘আসল’ রিয়ালিটি হেডসেট এনেছিল গুগল
ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিকে আরও একধাপ সামনে এগিয়ে নিতে এবার ‘অ্যাকচুয়াল রিয়ালিটি’ হেডসেট আনতে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। স্বচ্ছ প্লাস্টিকের তৈরি এই হেডসেট মানুষকে ‘আসল’ রিয়ালিটি দেখাবে এমন পরিকল্পনার ঘোষণাই দিয়েছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।
নতুন এই হেডসেট নিয়ে আগ্রহ উদ্দীপনার কমতিও দেখা যায়নি। তবে তারা যে বিষয়টি বেমালুম ভূলে গিয়েছে সেটি হল দিনটি ছিল পহেলা এপ্রিল। ওইদিনে অন্যান্য ‘এপ্রিল ফুলস ডে’র কার্জকর্মের মতো এটিও মানুষকে বোকা বানানোর জন্যই গুগলের আরেকটি কৌশল ছিল বলে জানিয়েছে, ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
এদিন জিমেইল প্র্যাঙ্কের পর গুগলের পক্ষ থেকে নতুন এই প্লাস্টিক হেডসেটের ঘোষণা দেওয়া হয়। এমনকি নতুন এই গ্যাজেট নিয়ে একটি ভিডিও দেখানো হয়। সেখানে এই হেডসেটটির ফিচারগুলোকেই তুলে ধরা হয়েছে।
২০১৪ সালে গুগল কার্ডবোর্ড ভিআর হেডসেট উন্মোচন করে। এবার সে প্রযুক্তিকেই আরও একধাপ সামনে নিয়ে প্লাস্টিক হেডসেটের ঘোষণা দেয় গুগল। প্লাস্টিকের তৈরি এই হেডসেটটি পুরোপুরি স্বচ্ছ যেটি চোখের সামনে বাস্তবের থেকেও বাস্তব চিত্র তুলে ধরতে পারে। ওই ভিডিওতে আরও দেখানো হয় হেডসেটটি সম্পূর্ণ পানিনিরোধক এবং অত্যন্ত হালকা। এ ছাড়াও ৩৬০ ডিগ্রি অডিও সিস্টেম রয়েছে এতে যা মানুষকে পুরোপুরি বাস্তব জীবনের অভিজ্ঞতা দেবে। চমৎকার এই হেডসেটটি মানুষের নজর কাড়লেও এর পুরোটাই ছিল ধোঁকা।
ভিআর প্রযুক্তিকে আরও সামনে এগিয়ে নিতে ইতোমধ্যেই বেশকিছু উদ্যোগ নিয়েছে গুগল। সে লক্ষ্যেই নতুন কর্মী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তাই আশা করা যেতেই পারে খুব শীঘ্রই নতুন গুগল ভিআর ডিভাইস বাজারে আসবে এবং সেটি এই প্লাস্টিক হেডসেটের থেকে আরও ভালো কিছুই হবে।
