তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কাপড়
পরনের কাপড় এখন শুধু শরীর লজ্জা নিবারণের জন্যই ব্যবহার হয়ে আসছিল এতদিন।পরবর্তী প্রজন্মের কাপড় লজ্জা নিবারণের পাশাপাশি শক্তি মজুদ, নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ, রঙ পরিবর্তন এবং কম্পিউটার সেন্সরের মত কাজ করবে। পরিধানযোগ্য প্রযুক্তিকে আরও একধাপ সামনে এগিয়ে নিতে এমআইটি প্রফেসর ওয়েল ফিঙ্ক এমন কাপড় তৈরির স্বপ্নই দেখছেন।
ফিঙ্ক এর স্বপ্নের সেই কাপড় মানুষের শারীরিক অবস্থা ট্র্যাক করে তার চিকিৎসায় সহায়তা করবে। আর তাই এটি কেমন দেখতে সেটিই একমাত্র বিষয় হবে না, এই কাপড় আমাদের জন্য কি করতে পারে সেটিও বিবচনার বিষয় হবে। এটি আমাদের জন্য শক্তি মজুদ করবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। যার ফলে এটি অতিরিক্ত গরম বা ঠাণ্ডা হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এই কাপড় নিয়ে ফিঙ্ক বলেন, “এটি সত্যি দারুণ। কাপড় তৈরির ইতিহাসের শুরু থেকেই এটি নতুন একটি সম্ভাবনা।” তিনি আরও বলেন, “এই বস্তু আপনার শরীরে লেগে আছে, কিন্তু আপনি এর থেকে কি উপকার পাচ্ছেন।”
স্বপ্ন বাস্তবায়ন হলে এই কাপড়ের তৈরি বিছানার চাদর আমাদেরকে নিখুঁত তাপমাত্রা প্রদান করবে এবং ঘুমে সহায়তা করবে। ফিঙ্ক এর মতে এই কাপড় গাড়ির টায়ার থেকে শিশুর ডায়পার সব জায়গায় ব্যবহার করা যাবে। যার ফলে এটি নোটিফিকেশনের মাধ্যমে জানাতে পারবে কখন টায়ার বা ডায়পার পরিবর্তন করতে হবে। এ ছাড়াও এই কাপড় স্ট্রোকের রোগীকে গ্লাভসের মাধ্যমে সব ধরণের বস্তু অনায়াসে ধরতে ও সরাতে সাহায্য করবে বলে মনে করেন ড্রেক্সেল প্রফেসর জেনেভাইভ ডিওন।
কাপড়টি তৈরি করতে ইতোমধ্যেই ৩১.৭ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে বিভন্ন প্রতিষ্ঠান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশকিছু প্রদেশ। এ ছাড়াও সাড়ে সাত কোটি ডলার অনুদান দেবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের ২ এপ্রিল এমআইটিতে এই ঘোষণা দেন দেশটির ডিফেন্স সেক্রেটারি অ্যাস্টন কার্টার।
