ফোল্ডএবল ডিসপ্লের মোবাইল আনছে স্যামসাং
স্যামসাং ইলেকট্রনিক্স আগামী বছরেই ফোল্ডএবল ডিসপ্লে সম্বলিত স্মার্টফোন বাজারে ছাড়তে পারে।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি ফোল্ডএবল ডিসপ্লের একটি নমুনা তৈরির কাজ শেষ করেছে এবং এ বছরের শেষার্ধ থেকেই বাণিজ্যিকভাবে ওই ডিভাইস উৎপাদনে আশাবাদী বলে কোরিয়ান নিউজ সাইট ইটিনিউজ প্রতিবেদনের বরাতে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
ওই ডিভাইসে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করলে তা মাঝ বরাবর ভাঁজ করে ওয়ালেটে রাখা এবং প্রয়োজনে ভাঁজ খুলে ব্যবহার করা সম্ভব হবে। ভাঁজ করা অবস্থায় এই স্মার্টফোন ৫ ইঞ্চি আকারের হবে এবং ভাঁজ খোলার পর তা ৭ ইঞ্চি আকারের ট্যাবলেটে পরিণত হবে বলে প্রতিবেদনে বলা হয়।
ফোল্ডএবল স্মার্টফোন বানাতে প্রয়োজনীয় কিছু প্রযুক্তিতে স্যামসাং বিনিয়োগ করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। স্যামসাং ডিসপ্লে’র পরিচালক লি চ্যাং-হুন জানুয়ারিতে বলেন, “ফোল্ডএবল ওএলইডির অগ্রগতি আমাদের পরিকল্পনা অনুযায়ীই হচ্ছে। আমাদের অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে আমরা বাণিজ্যিকভাবে এই পণ্য প্রস্তুত এবং তা বাজারে ছাড়ার পরিকল্পনা করছি।”
প্রযুক্তিক্ষেত্রের এক প্রতিনিধি জানান, “স্যামসাং ইলেকট্রনিক্স-এর আরও কিছু বড় ধরনের কাজ বাকি আছে। এর ফলে তাড়াহুড়ো করেও বাণিজ্যিকভাবে এর উৎপাদন এখনই সম্ভব নয়, তবে স্যামসাং ইলেক্ট্রনিক্স এরই মধ্যে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে বলে আমি জানতে পেরেছি।”
