আইফোনের স্টোরেজ বাড়াবে আইটিউনস
কম স্টোরেজের আইফোনগুলোতে অল্পকিছু অ্যাপ, ছবি, মুভি এবং মিউজিক রাখলেই তা পূর্ণ হয়ে যাচ্ছে—এমন সমস্যা প্রায়ই দেখা যায়। বিশেষভাবে ১৬ জিবির আইফোনেই এই সমস্যা হয় বেশি। তবে সামান্য একটি কৌশল ব্যবহার করে খুব সহজেই এর স্টোরেজ বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
১৬ জিবির আইফোনগুলোতে সাধারণত ১১ জিবি স্টোরেজ ব্যবহারকারীর জন্য বরাদ্দ থাকে। আর বাকি জায়গা আইফোনের অপারেটিং সিস্টেমের জন্য নেওয়া থাকে।
সামাজিক নেটওয়ার্ক সাইট রেডিটে পোস্ট করা একটি আলোচনা থেকে জানা যায় কৌশলে এসব ডিভাইসের স্টোরেজ বাড়ানো যেতে পারে। এজন্য ব্যবহারকারীকে প্রথমে আইফোনে কতটা স্টোরেজ ফাঁকা আছে সেটি দেখে নিতে হবে। এরপর আইটিউনস স্টোরে গিয়ে যতটা জায়গা খালি আছে তার থেকে বেশি স্টোরেজের মুভি রেন্ট দিতে হবে। অর্থাৎ ৪ জিবি স্টোরেজ ফাঁকা থাকলে ৪ জিবির বেশি পরিমাণের মুভি রেন্ট করতে হবে। সেক্ষেত্রে যথেষ্ট জায়গা নেই এমন মেসেজ দেখাবে। এক্ষেত্রে ‘ওকে’ বাটন চাপার পর আবার স্টোরেজ চেক করে দেখলে আগের থেকে অনেক বেশি স্টোরেজ ফাঁকা দেখাবে। এই প্রক্রিয়াটি কয়েকবার চালালে আইফোনের স্টোরেজ বেশ খানিকটা বেড়ে যায় বলে জানা গেছে রেডিটের ওই আলাচনায়।
ঠিক কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করে সেটি এখনও পরিষ্কার নয়। তবে এটি বেশকিছু অ্যাপের অপ্রয়োজনীয় জায়গা পরিষ্কার করে থাকে। এই কৌশলটি শুধু কম স্টোরেজের আইফোন নয় আইপ্যাডের ক্ষেত্রেও কাজ করে বলে জানানো হয়।
