আইফোন এসই: পাওয়া গেল নতুন তথ্য
টেক জায়ান্ট অ্যাপল এর আইফোন পরিবারের সর্বশেষ সদস্য আইফোন এসই এর ব্যবচ্ছেদ ঘটিয়ে বের করা হয়েছে কিছু নতুন তথ্য। দেখা গেছে, আইফোন এসই এর ব্যাটারি আইফোন ৫ থেকে সামান্য বড় এবং এতে রয়েছে ইন্টারচেইঞ্জএবল ডিসপ্লে। অ্যপল নতুন ডিভাইস উন্মুক্ত করার পর অন্য সব বারের মতো এবারও সেটা ব্যবচ্ছেদ করে আইফোনের ভেতরের খবর বাইরে নিয়ে এসেচ্ছে ‘আইফিক্সইট’, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
অ্যাপল আইফোন এসই উন্মুক্ত করার সময় ব্যাটারির ক্ষমতাসহ প্রায় সব তথ্য জানালেও ব্যাটারির আকার নিয়ে কিছু বলেনি। ব্যবচ্ছেদের ফলে জানা যায়, এসই এর ব্যাটারির ক্ষমতা ১৬২৪ মিলিঅ্যাম্প, যা আইফোন ৫এস এর ১৫৬০ মিলিঅ্যাম্প-এর চেয়ে বেশি। এ ছাড়া এসই তে আরো উন্নত এ৯ প্রোসেসর ব্যবহার করার ফলে ব্যাটারি লাইফ এর বৃদ্ধি পাওয়ার কথা। আইফোন এসই এর ইউজার রিভিউও তাইই বলে। এর ব্যাটারি একবার চার্জে প্রায় দেড়দিন পর্যন্ত চলতে সক্ষম, যা ৫এস এর চেয়ে বেশি।
আইফিক্সিট এর এই কাঁটা-ছেঁড়ার ফলে বের হয়ে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। আইফোন এসই-তে ব্যবহৃত ডিসপ্লে আর আইফোন ৫এস-এ ব্যবহৃত ডিসপ্লে একই, এবং এগুলো ইন্টারচেইঞ্জএবল। অর্থাৎ, প্রয়োজনে একটার ডিসপ্লে অন্যটায় ব্যবহার করা সম্ভব। আইফিক্সিট বলেছে, “আমরা ছোট একটা পরীক্ষা করে দেখতে পেয়েছি, ৫এস এর ডিসপ্লে এসই-তে প্লাগ-অ্যান্ড-প্লে, অর্থাৎ এসই-তে ৫এস এর ডিসপ্লে সংযোগ করলেই কাজ করা শুরু করে দেয়। তার মানে, খুচরা যন্ত্রাংশ এবং ব্যবহারবিধি ইতোমধ্যেই হাতের কাছে রয়েছে!”
গত মাসে আইফোন পরিবারের সর্বশেষ সদস্য হিসাবে আইফোন এসই ক্রেতাদের জন্য উন্মুক্ত করে অ্যাপল।
